নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনাই করতে পারছেন না এমবাপ্পে

২৬ মার্চ ২০২৬

নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনাই করতে পারছেন না এমবাপ্পে

আড়াই বছর আগে ব্রাজিলের হয়ে সবশেষ মাঠে নামা নেইমার এখনও ডাক পাননি কার্লো আনচেলত্তির দলে। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনাই করতে পারছেন না তিনি।

আগামী ১১ জুন এবারের বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বোস্টনে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ফ্রান্স। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে দলকে নেতৃত্ব দিতে পুরো প্রস্তুত এমবাপ্পে।

চোট ফিটনেসের কারণে এবারের আন্তর্জাতিক বিরতিতেও ব্রাজিল দলে ডাক পাননি নেইমার। বিশ্বকাপের দল ঘোষণার আগে আর কোনো ম্যাচও খেলবে না সেলেসাওরা। ফলে পুরো ফিট হওয়ার পাশাপাশি ঘরোয়া ফুটবলে ভালো পারফরম্যান্স না করতে পারলে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বুধবার সংবাদ সম্মেলনে এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, বর্তমান ব্রাজিল দল এখন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসুস জুনিয়রের, নাকি এটি এখনও নেইমারকে কেন্দ্র করেই ঘোরে? জবাবে হেসে ফরাসি অধিনায়ক বলেন, “আমি মনে করি এই দল দুজনেরই হতে পারে।

ভিনিসুসকে এখন জাতীয় দলের হয়ে আরও এক ধাপ এগোতে হবে। কিন্তু নেইমার তো নেইমারই। সে একজন দুর্দান্ত খেলোয়াড়। ফিফা বিশ্বকাপ হলো তারকাদের আসর, আর নেইমার সেখানে অন্যতম সেরা। আমি তাকে ছাড়া বিশ্বকাপ কল্পনাও করতে পারি না। কিন্তু শেষ পর্যন্ত আমি আমার সাবেক কোচ কার্লো আনচেলত্তির বিপক্ষে যেতে পারি না। তার সিদ্ধান্তকে আমার সম্মান জানাতেই হবে।

২০২৪ সালে রিয়ালে যোগ দেওয়ার আগে পিএসজিতে দীর্ঘ সময় নেইমারকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন এমবাপ্পে। তার প্রত্যাশা, বিশ্বকাপে জন্য সময়মতো সেরে উঠবেন নেইমার।

আমার মতে, নেইমার এমন একজন খেলোয়াড় যে পার্থক্য গড়ে দিতে পারে। আমি তার সঙ্গে খেলেছি, তার থেকে অনেক কিছু শিখেছি। আমাদের দেখতে হবে সে কেমন আছে। তবে আমি তাকে চিনি, সে প্রস্তুত হয়ে যাবে, বিশ্বকাপে থাকবে।

বিশ্বকাপের আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিকে নিজেদের ঝালাই করে নেওয়ার সেরা সুযোগ হিসেবে দেখা ফরাসি অধিনায়ক বলেন, “যাদের জার্সিতে পাঁচটি তারকা (পাঁচটি বিশ্বকাপ জয়) আছে, তাদের বিপক্ষে আপনি কখনোই নিজেকে ফেবারিট বলতে পারেন না। এটি অসম্ভব। ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় শক্তি। আমাদের জন্য এটি নিজেদের মান যাচাই করার এবং ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার বড় সুযোগ।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add