১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল
২৭ মার্চ ২০২৬
কিলিয়ান এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়েছিল ফ্রান্স। বিরতির পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১০ জনের দলে পরিণত হলেও সেই সুযোগ কাজে লাগতে পারেনি ব্রাজিল। উল্টো আরেকটি গোল হজম করে বসে তারা। এরপর এক গোল শোধ দিলেও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে।
বৃহস্পতিবার বোস্টনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় ফ্রান্স।
শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা দিদিয়ের দেশমের দলকে ৩২তম মিনিটে এগিয়ে দেন এমবাপ্পে। উসমান দেম্বেলের বাড়ানো বল ধরে দ্রুতগতিতে এগিয়ে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদের এই তারকা।
জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে এটি এমবাপ্পের ৫৬তম গোল। ৫৭ গোল নিয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপর আছেন তার এক সময়ের জাতীয় দল সতীর্থ অলিভিয়ে জিরু।
দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি আক্রমণ চালালেও সাফল্য পায়নি ব্রাজিল। এর মাঝে ৫৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। ডিফেন্ডার ওয়েজলিকে ফাউল করলে দায়ত উপেমেকানোকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে ফাউলের রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডারকে সরাসরি লাল কার্ড দেখান তিনি।
এক জন কম থাকলেও ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুগো একিতিকে। বায়ার্ন ফরোয়ার্ড মাইকেল ওলিসের বাড়ানো বল জালে জড়ান তিনি। জাতীয় দলের জার্সিতে লিভারপুল ফরোয়ার্ডের এটি দ্বিতীয় গোল।
৭৮তম মিনিটে ব্যবধান কমানে গ্রেইসন ব্রেমার। শেষ দিকে ডি বক্সের বাইরে থেকে এই ইউভেন্তুস ডিফেন্ডারের শটে একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি ভিনিসুস জুনিয়র।
আগামী রোববার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।















মন্তব্য করুন: