বিশ্বকাপের মূলপর্ব থেকে এক ধাপ দূরে ইতালি
২৭ মার্চ ২০২৬
ইউরোপিয়ান প্লে-অফে নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে জয় পেলে দুই আসর পর বিশ্ব মঞ্চে খেলার সুযোগ পাবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার প্লে-অফের ‘এ’ গ্রুপের সেমি-ফাইনালে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারায় ইতালি। দ্বিতীয়ার্ধে আজ্জুরিদের হয়ে গোল দুটি করেন সান্দ্রো তোনালি ও মোইজে কিন।
এর আগে ২০১৪ সালে সবশেষ বিশ্বকাপ খেলেছিল ইতালি। ২০১৮ ও ২০২২ সালের বাছাইপর্বের প্লে-অফ থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।
এই গ্রুপের অন্য সেমি-ফাইনালে ওয়েলসের মাঠে স্বাগতিকদের টাইব্রেকারে ৪-২ গোলে হারায় বসনিয়া। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।
ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের মূলপর্বের শেষ চারটি টিকিট পেতে প্লে-অফে খেলছে মোট ১৬টি দল। চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলছে সেমি-ফাইনালের ম্যাচ। এখান থেকে প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল পাবে মূলপর্বের টিকিট।
প্লে-অফের ‘বি’ গ্রুপের ম্যাচে ওয়ারশোতে রবের্ট লেভানডফস্কির গোলে আলবেনিয়াকে ২-১ গোলে হারায় পোল্যান্ড। ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইডেন। ভালেন্সিয়ায় ভিক্তর ইয়োকেরেশের হ্যাটট্রিকে ইউক্রেনকে ৩-১ হারায় তারা।
‘সি’ গ্রুপের ম্যাচে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তুরস্ক। মূলপর্বের টিকিট পাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সার্বিয়াকে ৪-৩ গোলে হারানো কসোভো।
‘ডি’ গ্রুপের সেমি-ফাইনালে নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ডেনমার্ক। ফাইনালে তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। ঘরের মাঠে আয়ারল্যান্ডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় স্বাগতিকরা। নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হয়েছিল।
আগামী মঙ্গলবার প্লে-অফের ফাইনালগুলো অনুষ্ঠিত হবে।
প্লে-অফের ফাইনালের লাইনআপ:
ইতালি – বসনিয়া ও হার্জেগোভিনা
পোল্যান্ড – সুইডেন
তুরস্ক – কসোভো
ডেনমার্ক – চেক প্রজাতন্ত্র















মন্তব্য করুন: