ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে মেসির নামে স্ট্যান্ড
২৮ মার্চ ২০২৬
সাধারণত কোনো খেলোয়াড় অবসর গ্রহণ করলে তার প্রতি সম্মান জানিয়ে স্টেডিয়ামের স্ট্যান্ডের নামকরণ করা হয়ে থাকে। কিন্তু বুটজোড়া চিরতরে তুলে রাখার আগেই এমন সম্মান পেতে চলেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকাকে সম্মান জানাতে ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে তার নামে।
শুক্রবার এক বিবৃতিতে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি জানায়, তাদের নতুন স্টেডিয়ামের একটি অংশ ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে উন্মোচন করা হবে।
আগামী ৪ এপ্রিল ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মায়াামি। মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে তাদের প্রতিপক্ষ অস্টিন এফসি।
২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর দলটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মেসি। যোগ দিয়েই আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা বড় ভূমিকা রাখেন ক্লাবটিকে লিগস কাপ জেতাতে, যা ক্লাবটির প্রথম কোনো শিরোপা।
মেসির নেতৃত্বে ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড ও ২০২৫ সালে এমএলএস কাপ জেতে মায়ামি। এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)’ স্বীকৃতি পেয়েছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৪ ম্যাচে ৮২ গোল ও ৫৩ অ্যাসিস্ট করেছেন মেসি। দুটিই ক্লাবের হয়ে সর্বোচ্চ। সম্প্রতি পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক।















মন্তব্য করুন: