৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে রাফিনিয়া
২৮ মার্চ ২০২৬
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের আগে রাফিনিয়াকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে বার্সেলোনা। ব্রাজিলের হয়ে খেলার সময় পাওয়া চোটের কারণে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে।
গত বৃহস্পতিবার বোস্টনে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে রাফিনিয়া হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় প্রথমার্ধের পর তাকে আর মাঠে নামাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের করানো পরীক্ষায় ২৯ বছর বয়সী এই তারকার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ার বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে জানায় বার্সেলোনা।
যথাযথ চিকিৎসা শুরু করার জন্য রাফিনিয়া বার্সেলোনায় ফিরছেন বলে জানায় কাতালান ক্লাবটি। চোট থেকে সেরে উঠতে আনুমানিক পাঁচ সপ্তাহ সময় লাগবে বলে বিবৃতিতে বলা হয়।
ফলে আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে দুই লেগসহ লা লিগায় বার্সেলোনার পরবর্তী অন্তত চার ম্যাচে বাইরে থাকবেন রাফিনিয়া। ধারণা করা হচ্ছে, আগামী ১০ মে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে তিনি মাঠে ফিরতে পারেন।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ গোল করেছেন রাফিনিয়া। চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোয় ফিরতি লেগে ৭-২ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেন তিনি।
লা লিগায় ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।















মন্তব্য করুন: