সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
ভারতের সঙ্গে ড্র করে সেমিতে নেপালকে পেল বাংলাদেশের যুবারা
২৮ মার্চ ২০২৬
আগেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল নিশ্চিত হওয়ায় গ্রুপ সেরা হওয়ার জন্য শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের দরকার ছিল বাংলাদেশের। কিন্তু পিছিয়ে পড়ে সমতায় ফেরার পর আর গোলের দেখা না পাওয়ায় সেটি হয়নি। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে নেপালকে পেয়েছে তারা।
শনিবার মালদ্বীপের মালেতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।
পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ গোলে জিতে আসর শুরু করে ভারত। ফলে একটি করে জয় ও ড্রয়ে দুই দলের পয়েন্ট সমান ৪ করে হলেও গোল পার্থক্যে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত, বাংলাদেশ গ্রুপ রানার্স-আপ।
আগামী বুধবার প্রথম সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ফাইনালে ওঠার দ্বিতীয় লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স-আপ ভুটান।
আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশ শুরু করলেও ১৭তম মিনিটে গোল হজম করে বসে তারা। কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব।
প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে আগের ম্যাচে জোড়া গোল করা রোনান সুলিভানের কর্নার থেকে বাংলাদেশকে সমতায় ফেরান আব্দুল রিয়াদ ফাহিম।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল।















মন্তব্য করুন: