ভিএআরের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ৭৫% সমর্থক
৩০ মার্চ ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগের ৭৫ শতাংশের বেশি সমর্থক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবহারকে সমর্থন করেন না। একটি ফুটবল সমর্থক গোষ্ঠীর জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএসএ) জানায়, ২৬ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চের মধ্যে অনলাইনে এই জরিপটি পরিচালনা করা হয়। এতে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগটির ক্লাবগুলোর প্রায় ৮ হাজার সমর্থক অংশ নেন।
জরিপের ফলাফলে দেখা যায় ৭৫ দশমিক ৭ শতাংশ সমর্থক ফুটবলে ভিএআর-এর ব্যবহারকে সমর্থন করেননি। ৯১ দশমিক ৭ শতাংশ সমর্থক জানান, ভিএআর গোল উদযাপনের স্বতঃস্ফূর্ত আনন্দ কেড়ে নিয়েছে।
এ বিষয়ে এফএসএ-এর প্রিমিয়ার লিগ নেটওয়ার্ক ম্যানেজার টমাস কনক্যানন বলেন, “এই ফলগুলো ২০২১ সালে এফএসএ-এর পূর্ববর্তী জরিপকে সমর্থন করে, যেখানে সমর্থকরা ভিএআর চালুর বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন।”
কনক্যানন জানান, এফএসএ তাদের জরিপের ফলাফল প্রিমিয়ার লিগ এবং রেফারিদের সংস্থা পিজিএমওএল-কে দিয়েছেন এবং এই বিষয়ে আলোচনায় বসার অপেক্ষায় আছে।
সমর্থকদের এই বিরোধিতার জবাবে প্রিমিয়ার লিগ জানায়, ভিএআর ব্যবহারের ফলে সিদ্ধান্ত আরও নির্ভুল হচ্ছে। একই সঙ্গে অন্যান্য ইউরোপীয় প্রতিযোগিতার তুলনায় এখানে খেলা কম বিঘ্নিত হচ্ছে।
এক বিবৃতিতে প্রিমিয়ার লিগের এক মুখপাত্র বলেন, “সাম্প্রতিক মৌসুমগুলোতে, প্রতি মৌসুমে ভিএআর-এর মাধ্যমে প্রায় ১০০টি সিদ্ধান্ত সঠিকভাবে পরিবর্তন হয়েছে, যেখানে অন্যথায় গোলগুলো ভুলভাবে প্রদান করা হতো বা বাতিল করা হতো, অথবা লাল কার্ড বা পেনাল্টিগুলো হাতছাড়া হতো বা ভুলভাবে দেওয়া হতো।”
কর্তৃপক্ষ আরও জানায়, ভিএআর-এর ব্যবহার আরও নিখুঁত করা লিগ এবং পিজিএমওএল – উভয়ের জন্যই প্রধান লক্ষ্য। প্রযুক্তির উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যুক্ত থাকার কথাও জানানো হয়।















মন্তব্য করুন: