মেজর লিগ সকারে না যেতে পরামর্শ সালাহকে

৩০ মার্চ ২০২৬

মেজর লিগ সকারে না যেতে পরামর্শ সালাহকে

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার পর মোহাম্মদ সালাহকে মেজর লিগ সকারে (এমএলএস) না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন মিশর জাতীয় দলের পরিচালক। তার মতে, যুক্তরাষ্ট্রে পাড়ি জমালে এই তারকা ফরোয়ার্ড লোকচক্ষুর আড়ালে হারিয়ে যাবেন।

সম্প্রতি মৌসুম শেষে লিভারপুলের নয় বছরের অধ্যায়ের ইতি টানার ঘোষণা দেন সালাহ। তবে এখনও তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। ২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে অ্যানফিল্ডে পাড়ি জমানোর পর দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি। ক্লাবটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্লাব থেকে বিদায় নেওয়ার পথে আছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

এমএলএসের কমিশনার ডন গার্বার এর আগে জানিয়েছিলেন, সালাহকে তিনি যুক্তরাষ্ট্রে দেখতে চান। তবে এমএলএসের কোনো ক্লাব তাকে দলে নেওয়ার চেষ্টা করবে কি না তা এখনও স্পষ্ট নয়।

এক সাক্ষাৎকারে মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান জানান, ইউরোপের শীর্ষ ক্লাবগুলো থেকে প্রস্তাব পেয়েছেন সালাহ।

ব্যক্তিগতভাবে, আমি তাকে ইউরোপে দেখতে বেশি পছন্দ করব। আমি পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং ইতালিয়ান লিগের ক্লাবগুলো থেকে প্রস্তাবের কথা শুনেছি।

মেজর লিগে চলে যাওয়া? সে প্রচারের আলো থেকে অনেক বেশি দূরে চলে যাবে। আপনি সালাহকে এর চেয়ে বেশি আর মনে রাখবেন না যতটা আমি এখন মেসিকে মনে রাখি। আমি তার খেলা দেখার চেষ্টাও করি না।

বার্সেলোনা ও পিএসজিতে ক্যারিয়ারের সেরা সময় কাটানোর পর, বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার কয়েক মাস পরে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল। এমএলএসের ক্লাবটিতে একাধিক শিরোপা জেতা আর্জেন্টাইন মহাতারকা বর্তমানে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও।

মিশর জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসানের যমজ ভাই ইব্রাহিমের মতে, সালাহ যদি ইউরোপে না থাকার সিদ্ধান্ত নেন তবে সৌদি প্রো লিগ তার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।

যদি সে ইউরোপ থেকে প্রস্তাব না পায়, তবে সৌদি লিগে চলে যাওয়া একটি ভালো বিকল্প হবে। বিশেষ করে ক্রিশ্চিয়ানোর (রোনালদো) মতো বড় নামের উপস্থিতিতে।

চোটের কারণে মাঠের বাইরে থাকায় বিশ্বকাপের প্রস্তুতিতে মিশরের চলমান ক্যাম্পে নেই সালাহ। তবে দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই গত শুক্রবার জেদ্দায় সৌদি আরবকে ৪-০ গোলে হারায় মিশর। মঙ্গলবার বার্সেলোনায় স্পেনের মুখোমুখি হবে তারা।

সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা আসন্ন বিশ্বকাপে বেলজিয়াম, নিউ জিল্যান্ড ও ইরানের সঙ্গে ‘জি গ্রুপে আছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরটি আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।

মন্তব্য করুন: