দুঃস্বপ্ন মুছতে মাঠে ইতালি, আবার বিশ্বকাপে ফেরার স্বপ্নে বসনিয়া
৩০ মার্চ ২০২৬
২০১৪ সালের ব্রাজিল আসরের পর কেটে গেছে প্রায় ১২ বছর। এর মাঝে আর একবারও বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ফুটবলের অন্যতম পরাশক্তি ইতালি। দুই আসর পর বিশ্ব মঞ্চের মূলপর্বের টিকিট পেতে তাদের সামনে এখন বাধা বসনিয়া-হার্জেগোভিনা।
বিশ্বকাপের ইউরোপিয়ান প্লে-অফের ‘এ’ গ্রুপের ফাইনালে মঙ্গলবার বসনিয়ার জেনিকাতে মাঠে নামবে দুই দল।
২০১৮ ও ২০২২ আসরে বাছাইপর্বের প্লে-অফ থেকে বাদ পড়ে বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গিয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির। অন্যদিকে ২০১৪ বিশ্বকাপে ইতালির সবশেষ অংশগ্রহণের আসরটি ছিল ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে বসনিয়ার একমাত্র উপস্থিতি।
এর আগে ২০১০ সালের বিশ্বকাপের প্লে-অফে হেরে মূলপর্বে খেলার সুযোগ হারিয়েছিল বসনিয়া।
দুই দলের এবারের ম্যাচটি বসনিয়ার জন্য ঐতিহাসিক তাৎপর্য বহন করে। স্বাধীন দেশ হিসেবে বসনিয়ার প্রথম বিজয়টি এসেছিল প্রায় ৩০ বছর আগে এই ইতালির বিপক্ষেই।
১৯৫০ সালে সাবেক যুগোস্লাভিয়ার অংশ হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন বসনিয়ান খেলোয়াড়রা। ১৯৯২ সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করলেও, ফিফার আনুষ্ঠানিক সদস্যপদ পেতে তাদেরকে ১৯৯৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।
বসনিয়ার প্রথম বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু হয়েছিল ১৯৯৮ সালে। তবে ১৯৯২-৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধের পর দেশটির রাজধানী সারায়েভোতে প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, সেটি ছিল ১৯৯৬ সালের নভেম্বরে ইতালির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ।
যুদ্ধের সময় অবরুদ্ধ দশা থেকে সবেমাত্র বেরিয়ে আসা একটি শহরে প্রথম জাতীয় দল হিসেবে খেলতে এসেছিল ইতালি। এর মাধ্যমে তারা পুরো বিশ্বের কাছে এই বার্তা দিতে চেয়েছিল যে, সারায়েভো আন্তর্জাতিক ফুটবলের আয়োজন করার জন্য একটি নিরাপদ স্থান।
ম্যাচটি ছিল বসনিয়ার পঞ্চম আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচ। কসেভো অলিম্পিক স্টেডিয়ামে তখনও সচল ফ্লাডলাইট না থাকায় ভরদুপুরে খেলাটি শুরু হয়েছিল। মাঠে প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে তখনকার বিশ্বকাপ রানার্স-আপ ইতালিকে ২-১ গোলে হারিয়েছিল বসনিয়া। এই পরাজয়ের পর ইতালির তখনকার কোচ আররিগো সাচ্চি পদত্যাগ করেছিলেন।
তিন দশক পরে এসে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আরেকটি পরাজয় ইতালিকে আরও বড় বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। ২০০৬ সালে সবশেষ বিশ্বকাপ জয়ের পর থেকেই চলমান অবনমন থামাতে তারা চাপের মধ্যে রয়েছে।
বাছাইপর্বে নরওয়ের কাছে দুটি শোচনীয় হারের ফলে ইতালিকে আবারও প্লে-অফে খেলতে হচ্ছে। গত বৃহস্পতিবার ঘরের মাঠে ‘এ’ গ্রুপের সেমি-ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে প্লে-অফের ফাইনালে ওঠে তারা।
অন্যদিকে বসনিয়াও বাছাইপর্বে তাদের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছিল, যেখানে তারা কেবল একটি ম্যাচে হেরেছিল, অস্ট্রিয়ার কাছে। প্লে-অফ সেমি-ফাইনালে টাইব্রেকারে ওয়েলসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে পৌঁছানো থেকে একধাপ দূরে দাঁড়িয়ে আছে তারা।















মন্তব্য করুন: