ব্রাজিলে এখন রোনালদো-রোনালদিনিয়োদের মতো খেলোয়াড় আছে: পেদ্রো

৩০ মার্চ ২০২৬

ব্রাজিলে এখন রোনালদো-রোনালদিনিয়োদের মতো খেলোয়াড় আছে: পেদ্রো

সাম্প্রতিক সময়ে ছন্দহীন ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড়রা শ্রীঘ্রই একসঙ্গে জ্বলে উঠবেন বলে আশাবাদী জোয়াও পেদ্রো। চেলসির এই ফরোয়ার্ডের দাবী, দলটিতে এখন রোনালদো ও রোনালদিনিয়োদের মতো খেলোয়াড় আছে।

গত বৃহস্পতিবার ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের ম্যাচে ব্রাজিলিয়ান সমর্থকরা দলে অনুপস্থিত নেইমারের নাম ধরে স্লোগান দেন।

কোচ কার্লো আনচেলত্তি বার্সেলোনার রাফিনিয়া, আর্সেনালের গাব্রিয়েল মার্তিনেল্লি, রিয়াল মাদ্রিদের ভিনিসুস জুনিয়র ও ম্যানচেস্টার ইউনাইটেডের মাথিউস কুইয়াকে নিয়ে একটি শক্তিশালী আক্রমণভাগ মাঠে নামিয়েছিলেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা পেদ্রোর মতে, আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে সমন্বয়হীনতার কারণ একসঙ্গে বেশি সময় না খেলা। ইএসপিএন ব্রাজিলকে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনে নিচ্ছি।

আমি ইংল্যান্ডে খেলি, ভিনি স্পেনে খেলে এবং রাফিনিয়া অন্য ক্লাবে। আমাদের ক্লাবের মতোই একসঙ্গে অনুশীলন করা দরকার, যেখানে আমরা পুরো বছর কাটাই। জাতীয় দলের সঙ্গে, আপনি আপনার ক্লাবের চেয়ে ভিন্নভাবে কাজ করেন, তাই আপনাকে দ্রুত মানিয়ে নিতে হবে।

আরও বেশি অনুশীলনের সঙ্গে সঙ্গে বিষয়গুলো আরও মসৃণভাবে চলতে শুরু করবে। খুব শীঘ্রই সবকিছু ঠিক হতে শুরু করবে।

৭৯টি গোল নিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে দলের বাইরে আছেন। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে নিজের সেরা ছন্দ এবং ফিটনেস ফিরে পেতে লড়াই করছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

অন্যদিকে লা লিগায় অসাধারণ পারফর্ম করা ভিনিসুস ও রাফিনিয়া জাতীয় দলের জার্সিতে ছন্দে নেই। ব্রাজিলের হয়ে ৪৬টি ম্যাচে ভিনিসুসের গোল সংখ্যা মাত্র ৮টি। অন্যদিকে ৩৬ ম্যাচে রাফিনিয়া করেছেন ১১ গোল।

পেদ্রোর মতে, দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপ না জেতার চাপ কিছু তারকা ফরোয়ার্ডকে তাদের আসল রূপ প্রদর্শনে বাধা দিচ্ছে।

অতীতে আমাদের রোনালদো, রোনালদিনিয়ো, রোমারিও ছিল। কিন্তু আপনি যদি আজকের ফুটবল দেখেন, ব্রাজিলে এই ধরনের খেলোয়াড় রয়েছে।

রিয়াল মাদ্রিদে ভিনি আছে, বার্সেলোনায় রাফিনিয়া আছে, আমি এবং এস্তেভাও চেলসিতে আছি এবং আন্দ্রেও আছে। তারা সবাই শীর্ষ ক্লাবের হয়ে খেলে। যা বিরক্তিকর তা হলো ব্রাজিল অনেক দিন ধরে বিশ্বকাপ জিতেনি। আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতীয় দল। আপনি যখন দীর্ঘ সময় না জিতে কাটাবেন, তখন সেই চাপ তৈরি হয়।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে রাফিনিয়া পাঁচ সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশের হয়ে মাঠে নামতে পারেন পেদ্রো। চলতি মৌসুমে চেলসির হয়ে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ১৪ গোল ও ৮টি গোলে সহায়তা করেছেন তিনি।

মন্তব্য করুন: