চমক দেখাতে চায় বিশ্বকাপের সবচেয়ে ছোট দেশ কুরাসাও

৩০ মার্চ ২০২৬

চমক দেখাতে চায় বিশ্বকাপের সবচেয়ে ছোট দেশ কুরাসাও

বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে এবারের আসরে জায়গা করে নেওয়া কুরাসাওয়ের অভিষেক আসরেই অঘটন ঘটানোর মতো লড়াকু মানসিকতা আছে বলে দাবি করেছেন কোচ ফ্রেড রুটেন।

ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার কুরাসাও গত নভেম্বরে কনক্যাকাফ অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট পায়।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এবারের আসরে ‘ই গ্রুপে আছে ৪৪৪ বর্গ কিলোমিটারের দেশটি। এখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, কোত দি ভোয়া ও একুয়েডরকে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সোমবার মেলবোর্নে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ রুটেন জানান, বিশ্বকাপে তারা কেবল ম্যাচ সংখ্যা বাড়ানোর জন্য খেলবে না।

আমাদের তিনটি সুযোগ রয়েছে এবং প্রথম সুযোগটি জার্মানির বিরুদ্ধে। তাই আমাদের জন্য প্রথম ম্যাচেই বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে না।

সাধারণত, এটি যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হয়, সেখানে সবসময়ই চমক ছিল। আমাদের জন্য এই বছর কেন নয়? আমাদের যোদ্ধাদের একটি দল রয়েছে এবং তারা কখনই হাল ছেড়ে দেয় না।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮২তম স্থানে আছে কুরাসাও। অস্ট্রেলিয়া আছে ২৭ নম্বরে ।

অভিজ্ঞ কোচ এবং আরেক ডাচম ডিক আডভোকাটের স্থলাভিষিক্ত হওয়ার পর এটি রুটেনের অধীনে কুরাসাওয়ের দ্বিতীয় ম্যাচ। তার অধীনে গত শুক্রবার সিডনিতে প্রথম ম্যাচে চীনের কাছে ২-০ গোলে হারে দেশটি।

অসুস্থ মেয়ের সঙ্গে সময় কাটাতে এক মাস আগে কুরাসাওয়ের দায়িত্ব ছাড়েন দেশটিকে বিশ্বকাপে তোলা ৭৮ বছর বয়সী আডভোকাট।

মন্তব্য করুন: