বিশ্বকাপের ৭২ দিন আগে বরখাস্ত ঘানা কোচ
৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপ প্রস্তুতিতে টানা দুই ম্যাচে হারের পর টুর্নামেন্ট শুরুর ৭২ দিন বাকি থাকতে প্রধান কোচ অটো আডোকে বরখাস্ত করেছে ঘানা।
মঙ্গলবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।
আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি পর্বে জার্মানির কাছে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের কয়েক ঘণ্টা পর এই সিদ্ধান্ত এলো। এর আগে গত শুক্রবার অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল ঘানা।
২০২৪ সালের মার্চে দ্বিতীয় মেয়াদে ঘানার দায়িত্ব পান বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক খেলোয়াড় আডো। কিন্তু দলে আঁতোয়া সেমেনিও ও মোহাম্মদ কুদুসের মতো প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় থাকা সত্ত্বেও ঘানাকে ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের মূলপর্বে তুলতে ব্যর্থ হন তিনি।
জার্মানিতে জন্মগ্রহণকারী এই কোচ মোট ২২ ম্যাচে পশ্চিম আফ্রিকার দেশটির দায়িত্বে ছিলেন। তার অধীনে ৮ ম্যাচে জেতে ও ৯ ম্যাচে হারে ঘানা।
৫০ বছর বয়সী আডোর অধীনে ২০২২ বিশ্বকাপে খেলে ঘানা। কাতারে অনুষ্ঠিত সেই আসরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেলেও পর্তুগাল ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল দলটি।
পঞ্চমবারের মতো বিশ্বকাপে পা রাখা ঘানা এবারের টুর্নামেন্টে ‘এল’ গ্রুপে আছে। গ্রুপে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামাকে।















মন্তব্য করুন: