জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি

৩১ মার্চ ২০২৬

জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি

বিশ্বকাপের আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসিকে শুরু থেকেই খেলানোর কথা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। জাম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর বিশ্বকাপের দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েনস আইরেসে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯১ নম্বরে থাকা জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে এটি হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে মেসির সম্ভাব্য সবশেষ ম্যাচ।

গত শনিবার একই মাঠে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন মেসি। আগামী ১১ জুন বিশ্বকাপ শুরুর আগে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার শেষ ম্যাচ।

এই ম্যাচের শুরুর একাদশে মেসির খেলার প্রসঙ্গে স্কালোনি বলেন, “হ্যাঁ, আমি মনে করি সে আগামীকাল শুরু থেকেই খেলবে।

আর্জেন্টাইন কোচ জানান, মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটিকে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল নির্ধারণ করতে ব্যবহার করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রতিটি পারফরম্যান্স বিশ্লেষণ করবেন।

আমাদের এখন পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিকল্পগুলো বাদ দেওয়া শুরু করতে হবে। এর বাইরে অন্য কোনো উপায় নেই।

আর্জেন্টিনার সবশেষ ম্যাচের প্রতিপক্ষ ফিফা র‌্যাঙ্কিংয়ের ১১৫ নম্বরে মৌরিতানিয়া কখনও বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারেনি। তাদের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সকে বিশ্বকাপের দল নির্ধারণের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন স্কালোনি।

সেদিনের রাতের খেলাটি একটি সতর্কবার্তা হতে পারত। এগুলো এমন বিষয় যা একজন প্রধান কোচ হিসেবে দেখতে শুরু করতে হয় এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব।

আমরা দলের ভালোর কথা ভাবব এবং তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব। আমি বলব, আমার কাছে তালিকাটি বেশ স্পষ্ট। কিন্তু পারফরম্যান্স যদি পর্যাপ্ত না হয় তবে আমরা ব্যবস্থা নেব এবং তারপরে সম্ভাব্য সেরা কাজটি করার জন্য আমরা যে খেলোয়াড়দের নিয়ে যাব তাদের ব্যাপারে নিশ্চিত হব।

১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালের বিশ্বকাপের শিরোপা জয়ী আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। ‘জে গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

মন্তব্য করুন: