পর্তুগালের জন্য ‘এখনও গুরুত্বপূর্ণ’ রোনালদো

৩১ মার্চ ২০২৬

পর্তুগালের জন্য ‘এখনও গুরুত্বপূর্ণ’ রোনালদো

চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতিতে পর্তুগাল দলের সঙ্গে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এরপরও ৪১ বছর বয়সী এই মহাতারকা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানিয়েছেন হেড কোচ রবের্তো মার্তিনেস।

গত ২৮ ফেব্রুয়ারি আল-নাসেরের হয়ে খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মার্চের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দলের বাইরে আছেন রোনালদো। সবকিছু ঠিক থাকলে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন এই মহাতারকা।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সময় বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোনালদোর অবদান ও মানসিকতা প্রসঙ্গে মার্তিনেস বলেন, “ক্রিশ্চিয়ানো আমাদের অধিনায়ক, একজন রোল মডেল এবং একজন খেলোয়াড় যার মাঝে সত্যিকারের ক্ষুধা রয়েছে।

সে কেবল ৪১ বছর বয়সী একজন খেলোয়াড় নয়; সে এমন একজন খেলোয়াড় যে প্রতিদিন নিজেকে উন্নত করতে ক্ষুধার্ত। সে একজন অনুকরণীয় অধিনায়ক এবং তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে নিজেকে প্রমাণ করছে, এমন কেউ যে পথ দেখায় এবং আমাদের মূল্যবোধগুলোকে ধারণ করে।

মাঠে সে সবশেষ ৩০টি ম্যাচে ২৫টি গোল করেছে। আমরা প্রতিদিন এবং প্রতিটি সেশন ধরে খেলোয়াড়দের মূল্যায়ন করি এবং জাতীয় দলে সবার জন্য মানদণ্ড সর্বোচ্চ।

পর্তুগিজ কোচের মতে, বর্তমানে আল-নাসেরে আলাদাভাবে অনুশীলন করা রোনালদো আগামী সপ্তাহে মাঠে ফিরতে পারেন।

তার একটি ছোট চোট রয়েছে এবং সম্ভবত সে আগামী সপ্তাহে খেলা ও অনুশীলনে ফিরে আসবে। এটি গুরুতর কিছু নয়। ক্রিশ্চিয়ানো আমাদের অধিনায়ক। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে নেশনস লিগে আমাদের অধিনায়ক ছিল।

২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেকের পর থেকে জাতীয় দলের জার্সিতে ২২৬টি ম্যাচে ১৪৩টি গোল করা রোনালদো আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বিশ্বের প্রথম পেশাদার ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের দিকে ছুটে চলা পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকা কবে অবসর নেবেন সে বিষয়ে এখনও কোনো ইঙ্গিত দেননি।

রোনালদোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে মার্তিনেস বলেন, “তার ক্যারিয়ারের সমাপ্তি? আমরা জানি না। এটা বলা কঠিন। আমি দ্রুতই শিখে গেছি ক্রিশ্চিয়ানোর ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করার চেষ্টা না করতে। সে এই মুহূর্তে যতটা সম্ভব সেরা হওয়ার দিকে মনোনিবেশ করে। সে ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করে না।

মন্তব্য করুন: