বিশ্বকাপে টানা তৃতীয়বার থাকল না ইতালি, ফিরল বসনিয়া
১ এপ্রিল ২০২৬
বসনিয়া-হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
মঙ্গলবার রাতে বসনিয়ার জেনিকায় প্লে-অফ ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারে ইতালি।
এর আগে কোনো বিশ্বকাপজয়ী দল টানা তিনবার আসরের বাইরে থাকেনি। ইতালি ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতার বিশ্বকাপেও জায়গা পায়নি।
গেন্নারো গাত্তুসোর ১০ জনের ইতালি বসনিয়ার একের পর এক আক্রমণ সামলে ম্যাচ টাইব্রেকারে নিলেও শেষ পর্যন্ত জিততে পারেনি। টাইব্রেকারে পিও এসপোসিতো বাইরে মারেন এবং ব্রায়ান ক্রিস্তান্তের শট ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে বসনিয়ার সবাই সফল হন।
এই জয়ে বসনিয়া-হার্জেগোভিনা ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিল। ৪০ বছর বয়সী অধিনায়ক এদিন জেকোর নেতৃত্বে তারা ‘বি’ গ্রুপে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।
১৫তম মিনিটে বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিলির ভুল পাস নিকোলো বারেল্লা ধরে ফেললে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ইতালিকে এগিয়ে দেন মোইসে কিন।
প্রথমার্ধ শেষের পাঁচ মিনিট আগে আমর মেমিচকে ফাউল করে লাল কার্ড দেখেন ইতালির ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। এতে ম্যাচে ফেরার সুযোগ পায় বসনিয়া।
দ্বিতীয়ার্ধে ইতালির গোলরক্ষক জানলুইজি দোনারুম্মাকে একের পর এক সেভ করতে হয়। তবে ৭৯তম মিনিটে আমর দেদিচের ক্রস থেকে জেকোর হেড তিনি ঠেকালেও ফিরতি বলে গোল করে ম্যাচে সমতা ফেরান হারিস তাবাকোভিচ।
এরপর টাইব্রেকারে বেনইয়ামিন তাহিরোভিচ, তাবাকোভিচ, কেরিম আলায়বেগোভিচ ও এসমির বাইরাকতারেভিচ গোল করে বসনিয়াকে বিশ্বকাপে নেন।
২০০৬ সালে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের পর থেকেই আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ইতালির পারফরম্যান্স হতাশাজনক। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে তারা গ্রুপপর্বই পেরোতে পারেনি।
স্টকহোমের আরেক প্লে-অফ ফাইনালে পোল্যান্ডকে হারিয়ে নিজেদের বাছাইপর্বের গ্রুপে কোনো ম্যাচ না জিতেই তলানিতে থাকা সুইডেনও নাটকীয়ভাবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
নির্ধারিত সময়ের শেষের দুই মিনিট আগে ভিক্তর ইয়োকেরেশ গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
প্রিস্টিনায় অন্য প্লে-অফ ফাইনালে স্বাগতিক কসোভোকে একমাত্র গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তুরস্ক। ২০০২ সালের পর এবারই প্রথম ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরছে তারা। সেবার সেমি-ফাইনাল পর্যন্ত উঠেছিল দলটি।
৫৩তম মিনিটে কেরেম আকতুরকোগলুর করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় তুরস্কের।
প্রাগে ডেনমার্ককে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে চেক প্রজাতন্ত্র।
৯০ মিনিট শেষে ম্যাচ ১-১ এবং অতিরিক্ত সময় শেষে ২-২ সমতায় ছিল। অবশেষে টাইব্রেকারে ২০০৬ সালের পর চেকদের প্রথম বিশ্বকাপ নিশ্চিত হয়।















মন্তব্য করুন: