৪ মিনিটের ২ গোলে ক্রেয়েশিয়াকে হারাল ব্রাজিল
১ এপ্রিল ২০২৬
ক্রোয়েশিয়া সমতায় ফেরার পর ম্যাচের ফল পরিবর্তনে বড় ভূমিকা রাখলেন বদলি হিসেবে নামা এনদ্রিক। তরুণ এই ফরোয়ার্ডের ছোঁয়ায় চার মিনিটের মধ্যে দুইবার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল।
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচের প্রথম ১১ মিনিটে ফাউল হয় ১১টি। ১৯তম মিনিটে দানিলোর শট ফিরিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক। ৩৬তম ও ৪১তম মিনিটে জোয়াও পেদ্রোরও দুটি শট ফিরিয়ে দেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে লুকা মদ্রিচের ফ্রি কিক থেকে লুক ভুসকোভিচের হেড ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠান ব্রাজিল গোলরক্ষক বেন্তো। ক্রোয়েশিয়ার কর্নার থেকে পরের মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় ব্রাজিল।
ক্রোয়েশিয়ার তিন ফুটবলারকে কাটিয়ে বল নিয়ে প্রতিপক্ষ বক্সের ভেতর চলে যান ভিনিসুস। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের কাটব্যাক থেকে বল জালে জড়ান মিডফিল্ডার দানিলো।
বিরতির পর ব্রাজিলকে দারুণভাবে চেপে ধরে ক্রোয়েশিয়া। একের পর এক আক্রমণের পর ৮৪তম মিনিটে লোভরো মায়েরের গোলে সমতায় ফেরে তারা।
বদলি নামা এনদ্রিককে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। ৮৮তম মিনিটে সফল স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন ইগোর থিয়াগো। পাল্টা আক্রমণে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনদ্রিকের বাড়ানো বল থেকে দলের শেষ গোলটি করেন আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি।
ফ্রান্সের কাছে গত ম্যাচে ২-১ গোলে হারা ব্রাজিল বিশ্বকাপের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ৭ জুন ক্লিভল্যান্ডের সেই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ মিশর।















মন্তব্য করুন: