৪০ বছর পর বিশ্বকাপে ইরাক, ৫২ বছর পর ডিআর কঙ্গো
১ এপ্রিল ২০২৬
চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে ইরাক। অন্যদিকে পাঁচ দশকের বেশি সময় পর বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে আফ্রিকার দল ডেমোক্র্যাটিক রিপালিক অব কঙ্গো।
আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে মেক্সিকোর গুয়াদালুপে বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপের শেষ দল হিসেবে মূলপর্বে পা রাখে ইরাক। এর আগে ১৯৮৬ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত আসরে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল এশিয়ার দেশটি।
ইরাক সুযোগ পাওয়ায় এবারের বিশ্বকাপে এশিয়া থেকে অংশ নিতে যাচ্ছে মোট ৯টি দল। এর আগে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে মূলপর্ব নিশ্চিত করে ৮টি দেশ।
‘আই’ গ্রুপে ইরাকের প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।
ম্যাচের দশম মিনিটে ইরাককে এগিয়ে দেন আলী আল-হামাদি। বিরতির আগেই মোসেস পানিয়াগুয়ার গোলে সমতায় ফেরে বলিভিয়া। ৫৩তম মিনিটে ইরাককে আবার এগিয়ে দেন আয়মেন হুসেইন।
আন্তঃমহাদেশীয় প্লে-অফের আরেকটি ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপের মূলপর্বের টিকিট পায় ডিআর কঙ্গো।
সব মিলিয়ে আফ্রিকা থেকে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০টি দেশ।
মেক্সিকোর গুয়াদালাহারায় বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হওয়া ম্যাচের ১০০তম মিনিটে আফ্রিকার দলটির হয়ে গোল করেন বার্নলির ডিফেন্ডার এক্সেল টোয়ানজেবি। ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলারের সুযোগ ছিল ইংল্যান্ডের হয়ে খেলার। দেশটির বয়সভিত্তিক দলের হয়ে খেললেও জাতীয় দলের জন্য তিনি বেছে নেন জন্মভূমিকে।
এটি ডিআর কঙ্গোরও এটি দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত আসরে খেলেছিল তারা। সে সময় দেশটির নামটি ছিল জাইর।
এবারের আসরে ‘কে’ গ্রুপে খেলবে তারা। প্রতিপক্ষ পর্তুগাল, উজবেকিস্তান ও কলম্বিয়া।















মন্তব্য করুন: