চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮টি দল

১ এপ্রিল ২০২৬

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮টি দল

ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালের লড়াই শেষ চূড়ান্ত হয়ে গেছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ৪৮টি দল। এই ধাপের লড়াই শেষে মঙ্গলবার ও বাংলাদেশ সময় বুধবার সকালে নির্ধারিত হয় বাকি ছয়টি দল।

ইউরোপিয়ান প্লে-অফের ‘এ’ গ্রুপের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছে ইতালি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হলো ২০০৬ সালের চ্যাম্পিয়নরা। এর আগে কোনো বিশ্বকাপজয়ী দল টানা তিনবার আসরের বাইরে থাকেনি। ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতার বিশ্বকাপেও জায়গা পায়নি আজ্জুরিরা।

তাদেরকে হারিয়ে ২০১৪ সালের পর বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা পেল বসনিয়া।

প্লে-অফের ‘বি’ গ্রুপের ফাইনালে রবের্ট লেভানডফস্কির পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে মূলপর্বের ওঠে সুইডেন। ‘

প্লে-অফের ‘সি’ গ্রুপের লড়াইয়ে কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের মূলপর্বের টিকিট পায় তুরস্কা। সবশেষ ২০০২ আসরে সেমি-ফাইনালে উঠেছিল দলটি।

প্লে-অফের ‘ডি’ গ্রুপের ফাইনালে ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় চেক প্রজাতন্ত্র। নির্ধারিত সময় শেষে ম্যাচ ১-১ এবং অতিরিক্ত সময় শেষে ২-২ সমতায় ছিল। টাইব্রেকারে ৩-১ গোলে জিতে ২০০৬ সালের পর মূলপর্বে জায়গা করে নেয় চেক প্রজাতন্ত্র।

অন্যদিকে আন্তঃমহাদেশীয় প্লে-অফের প্রথম ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপের টিকিট পায় ডিআর কঙ্গো।

এই ধাপের দ্বিতীয় ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপের মূলপর্বে ওঠে ইরাক।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের ড্র গত বছর ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। তখনই ঠিক হয়েছিল প্লে-অফ পেরিয়ে আসা দলগুলো ১২টি গ্রুপের কোন গ্রুপে খেলবে।

বিশ্বকাপে এবারই প্রথম দল বেড়ে ৪৮টি হয়েছে। ১২টি গ্রুপের প্রথম দুটি করে দল উঠবে নকআউট পর্বে। এছাড়া গ্রুপগুলোর তৃতীয় হওয়া সেরা আটটি দলও তাদের সঙ্গী হবে।

আগামী মেক্সিকোর এস্তাদিও আজটেকায় ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। এরপর সেরা ৩২ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল মাঠে গড়াবে আগামী ১৯ জুলাই।

বিশ্বকাপের ১২টি গ্রুপ:

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র

গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক

গ্রুপ ই: জার্মানি, একুয়েডর, কোত দ্য ভোয়া, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, সুইডেন

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডিআর কঙ্গো

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

মন্তব্য করুন: