বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চাইলেন ইতালি কোচ

১ এপ্রিল ২০২৬

বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চাইলেন ইতালি কোচ

প্লে-অফে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর আবেগাপ্লুত হয়ে দুঃখপ্রকাশ করেছেন ইতালি কোচ জেন্নারো গাত্তুসো। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ম্যাচে শুরুতে এগিয়ে গেলেও ১০ জনে পরিণত হওয়ার পর বসনিয়া ও হার্জেগোভিনা সমতায় ফেরে। এরপর টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় গাত্তুসোর দলকে।

গত দুই বিশ্বকাপেও প্লে-অফে হেরে বাদ পড়া ইতালির জন্য ফুটবলের সবচেয়ে বড় আসরে আরেকটি অনুপস্থিতি পুরো দেশের ফুটবলের জন্যই বড় ধাক্কা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে গাত্তুসো বলেন, “আজ ছেলেদের এমন হার প্রাপ্য ছিল না। আমরা ১০ জনে নেমে পড়েছিলাম, আমাদের তিনটি ভালো সুযোগ ছিল, তারা আমাদের খুব বেশি বিপদে ফেলতে পারেনি। আমি দুঃখিত, এটাই ফুটবল এবং আমি আমার ছেলেদের নিয়ে গর্বিত।

এটা কষ্টদায়ক, কারণ এটা আমাদের জন্য, পুরো ইতালির জন্য এবং আমাদের ফুটবলের জন্য দরকার ছিল। এটা এমন এক আঘাত, যা হজম করা কঠিন।

আমি বহু বছর ধরে ফুটবলে আছি, কখনো আনন্দ পেয়েছি, আজ এই ধাক্কা নিতে হচ্ছে। ছেলেরা যে হৃদয় দিয়ে খেলেছে, তা আমাকে অবাক করেছে।

বারবার আমরা বিশ্বকাপে যেতে পারছি না নিয়ে কথা হচ্ছে।তবে আজ ছেলেরা আমাকে মুগ্ধ করেছে।

বাছাইপর্বে নরওয়ের কাছে হারের পর লুসিয়ানো স্পালেত্তির জায়গায় দায়িত্ব নেওয়া গাত্তুসো তার ভবিষ্যৎ নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান।

আজ আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ ছিল বিশ্বকাপে যাওয়া। এই পারফরম্যান্স ধরে রাখতে চাই, কিন্তু এটা কষ্টদায়ক এবং আমি দুঃখিত।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান গাব্রিয়েলে গ্রাভিনা জানান, তিনি গাত্তুসোকে দায়িত্বে থাকতে বলেছেন।

সাম্প্রতিক মাসগুলোতে দল অনেক উন্নতি করেছে, যা সবাই বুঝতে পারেনি। আমি গাত্তুসোকে অভিনন্দন জানাই। তিনি একজন দারুণ কোচ, আমি তাকে এই দল নিয়ে কাজ চালিয়ে যেতে বলেছি।

বারবার ব্যর্থতার কারণে গ্রাভিনাও চাপে আছেন।

মূল্যায়নের জন্য যথাযথ জায়গা হলো ফেডারেল কাউন্সিল। আমি আগামী সপ্তাহে তাদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। পদত্যাগের দাবি আমি বুঝি, তবে মূল্যায়ন করার জায়গা সেটিই।

মন্তব্য করুন: