প্রথমবার বিশ্বকাপে খেলবে যারা
১ এপ্রিল ২০২৬
এবারের বিশ্বকাপে চারটি দেশ প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে। এশিয়া থেকে প্রথমবার বিশ্বকাপে উঠেছে উজবেকিস্তান ও জর্ডান। বাকি দুটি দেশ খুবই ছেটো – কুরাসাও ও কেপ ভার্দে।
ক্যারিবিয়ান সাগরের ছোট দ্বীপ কুরাসাও বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশ হতে যাচ্ছে, যেখানে তারা ‘ই’ গ্রুপে জার্মানি, কোত দি ভোয়া ও একুয়েডরের মুখোমুখি হবে।
ভেনেজুয়েলার উপকূল থেকে ৩৭ মাইল দূরে অবস্থিত কুরাসাওয়ের আয়তন ৪৪৪ বর্গকিলোমিটার; জনসংখ্যা দেড় লাখের একটু বেশি।
অন্যদিকে কুরাসাও ও আইসল্যান্ডের পর বিশ্বকাপে ওঠা জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। ৪ হাজার ৩৩ বর্গকিলোমিটারের দেশটি বাছাইপর্বে আফ্রিকার শক্তিশালী দল ক্যামেরুনকে পেছনে ফেলে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নেয়।
আটলান্টিক মহাসাগরের ১০টি দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দের জনসংখ্যা ৫ লাখেরও কম। ১৯৭৫ সালে পর্তুগাল থেকে স্বাধীনতা পাওয়ার পর তারা প্রথম বিশ্বকাপে ওঠার চেষ্টা করে ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় হওয়া আসরে। ‘এইচ’ গ্রুপে তারা স্পেন, সৌদি আরব ও উরুগুয়ের মুখোমুখি হবে।
২০১১ এশিয়ান কাপের সেমি-ফাইনালে খেলা উজবেকিস্তান ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালির অধিনায়ক ফাবিও কানাভারোর অধীনে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয়।
‘হোয়াইট উলভস’দের দলে আছে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আবদুকোদির খুসানোভ ও সাবেক রোমা স্ট্রাইকার এলদোর শোমুরোদভ। ‘কে’ গ্রুপে পর্তুগাল, কলম্বিয়া ও ডিআর কঙ্গোর বিপক্ষে তারা সাফল্য দেখাতে চায়।
অন্যদিকে জর্ডান বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ১০ ম্যাচে চার জয় ও চার ড্র নিয়ে দক্ষিণ কোরিয়ার পেছনে থেকে বিশ্বকাপের টিকেট পায়।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা দলটি ধীরে ধীরে উন্নতি করেছে। দলটি ২০২৩ এশিয়ান কাপের ফাইনালে উঠেছিল, যেখানে তারা স্বাগতিক কাতারের কাছে হেরে যায়। ‘জে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, আলজেরিয়া ও অস্ট্রিয়া।















মন্তব্য করুন: