বিশ্বকাপে চমক দেখাতে পারে যারা

১ এপ্রিল ২০২৬

বিশ্বকাপে চমক দেখাতে পারে যারা

বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্সে এবারের বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে বেশ কিছু ছোট দল। শক্তিমত্তায় এবং ঐতিহাসিক দিক দিয়ে ফুটবলের ঐতিহ্যবাহী দলগুলোর তুলনায় বেশ পিছিয়ে থাকলেও উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টে চমক দেখাতে পারে নরওয়ে-মরক্কোর মতো দেশগুলো।

১৯৯৮ সালের পর কখনও বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া নরওয়ে এবারের আসরের মূলপর্বে উঠেছে বেশ দাপুটে পারফরম্যান্স করেই। আগের তিনবারের অংশগ্রহণে কখনও শেষ ষোলো পেরোতে না পারা দলটি এবার আর্লিং হলান্দের নেতৃত্বে চমক দেখাতে পারে। ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন বাছাইপর্বে ১৬ গোল করেছেন।

বাছাইপর্বে আট ম্যাচের সবকটিতে জেতা নরওয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারায় দুই ম্যাচেই। এবারের আসরে ‘আই গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও ইরাক।

আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে মরক্কোও সব ম্যাচ জিতে মূলপর্ব নিশ্চিত করে। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের বর্তমান অবস্থান আট নম্বরে। এবারের আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠে সেনেগালের কাছে ১-০ গোলে হারলেও প্রতিপক্ষের বিতর্কিত কাণ্ডে পরে জয়ী ঘোষণা করা হয়েছে তাদের।

সবশেষ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলা দলটি আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে ‘সি গ্রুপে। এই গ্রুপে স্কটল্যান্ড ও হাইতির মতো দল থাকায় নকআউট পর্বে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মরক্কো।

মোহাম্মদ সালাহকে নিয়ে মিশরও বেলজিয়াম, নিউ জিল্যান্ড ও ইরানের বাধা পেরিয়ে ‘জি গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার আশা করবে। এর আগে তিনটি বিশ্বকাপে খেলা মিশর ১৯৩৪ সালে শেষ ষোলোয় খেলেছিল।

এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী জাপান বাছাইপর্বে দাপট দেখিয়েছে। ১৬ ম্যাচে তারা মাত্র তিন গোল হজম করেছে। ৩১ মার্চ ওয়েম্বলিতে প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।

প্রথম দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে এবারের বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা জাপান ‘এফ গ্রুপে নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে খেলবে। সবশেষ দুটি বিশ্বকাপের শেষ ষোলোয় খেলেছিল ব্লু সামুরাইরা।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে দারুণ পারফরম্যান্সে তৃতীয় হওয়া কলম্বিয়াও ভালো করার আত্মবিশ্বাস রাখবে। ‘কে গ্রুপে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, উজবেকিস্তান ও ডিআর কঙ্গো।

আর স্বাগতিক দেশগুলোর কথা বললে, তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা কানাডাও চমক দেখাতে পারে। তারা আগের দুটি আসেরর ছয়টি ম্যাচেই হেরেছে। তবে তুলনামূলক সহজ ড্রয়ে কাতার, সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ‘বি গ্রুপে আছে তারা।

মন্তব্য করুন: