নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ এর ফাইনালে বাংলাদেশ

১ এপ্রিল ২০২৬

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ এর ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

বুধবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত প্রথম সেমি-ফাইনালে ফরোয়ার্ড মোহাম্মদ মানিকের একমাত্র গোলে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ১১তম মিনিটে পাওয়া ছোট করে কর্নার থেকে বল পান মুর্শেদ আলী। ডান দিক থেকে বক্সের ভেতর ঢুকে তার ক্রসে হেডে বল জালে জড়ান মানিক।

এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারত বাংলাদেশের। কিন্তু যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা গোল হয়নি। ২১তম মিনিটে সুলিভানের বাড়ানো বল থেকে নাজমুল হুদা ফয়সালের হেড ডাইভ দিয়ে এক হাত দিয়ে রুখে দেন নেপাল গোলরক্ষক।

বিরতির পর আক্রমণে ধার বাড়াতে থাকে নেপাল। আক্রমণাত্মক ফুটবল বাদ দিয়ে রক্ষণে মনোযোগ দেয় বাংলাদেশ। এর মাঝে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় গোলদাতা মানিক ও সানি দাসকে।

আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে ভারত-ভুটান ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাফের ছেলেদের বয়সভিত্তিক টুর্নামেন্টে এখন পর্যন্ত একবারই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২৪ সালে অনূর্ধ্ব-২০ দলের আসরের শিরোপা জেতে তারা।

মন্তব্য করুন: