মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ
২ গোলে এগিয়ে থেকেও থাইল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
১ এপ্রিল ২০২৬
মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে নিজেদের অভিষেকে প্রথম এক ঘণ্টার ভেতর জোড়া গোল করে এগিয়েই ছিল বাংলাদেশ। কিন্তু এরপর ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সব। তিন গোল হজম করে থাইল্যান্ডের কাছে হেরে গেছে পিটার বাটলারের দল।
বুধবার ব্যাংককে ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের কাছে বাংলাদেশের হার ৩-২ গোলে।
মোসাম্মৎ সাগরিকার জোড়া গোলে ৬৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এরপরের ১০ মিনিটে দুটি পেনাল্টিসহ আরেকটি গোল হজম করে তারা।
আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াইয়ে শুরু থেকে জমে ওঠে ম্যাচ। গোলরক্ষক মিলি আক্তারের নৈপুণ্যে গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। ৩৫তম মিনিটে সাগরিকার একক প্রচেষ্টায় এগিয়ে যায় দল। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে শুরু করে তারা।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করতে থাকে বাংলাদেশ। ৫০তম মিনিটে উমহেলা মারমার বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা।
ম্যাচে ফিরতে মরিয়া থাইল্যান্ডের একের পর এক প্রচেষ্টা থামিয়ে দেন মিলি। কিন্তু বেশিক্ষণ আর তা ধরে রাখতে পারেননি তিনি। বক্সের ভেতর সুরভি আক্তার আফরিন থাইল্যান্ডের একজন ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে ৬৯তম মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ।
৭৪তম মিনিটে বক্সের ভেতর ফাউল করে এবার স্বাগতিকদের আরেকটি পেনাল্টি উপহার দেন নবীরন খাতুন। এবারও মিলিকে ফাঁকি দিয়ে সমতায় ফেরে থাইল্যান্ড। এই গোলের কিক অফ থেকে ৭৯তম মিনিটে তৃতীয় গোল তুলে নেয় স্বাগতিকরা।
আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।















মন্তব্য করুন: