৭ বছর পর র্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স
২ এপ্রিল ২০২৬
মার্চের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ জিতে সাত বছরের বেশি সময় পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ফ্রান্স।
বুধবার হালনাগাদ করা ফিফার সবশেষ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে স্পেনকে সরিয়ে শীর্ষস্থান দখল করে ফ্রান্স। ২০১৮ সালে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের বছরের সেপ্টেম্বরে সবশেষ র্যাঙ্কিংয়ের এক নম্বরে দিদিয়ের দেশমের দল।
সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল ও কলম্বিয়াকে হারায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্মেলেদের রেটিং পয়েন্ট ১৮৭৭ দশমিক ৩২। এক ধাপ নেমে দুই নম্বরে থাকা স্পেনের রেটিং পয়েন্ট ১৮৭৬ দশমিক ৪০। সার্বিয়াকে হারালেও মিশরের সঙ্গে ড্র করে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা।
মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচে জয় পেলেও তিন নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট ১৮৭৪ দশমিক ৮১।
আগের মতো চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। প্রীতি ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্রয়ের পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল।
এক ধাপ নেমে ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেও আগের ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছিল।
শীর্ষ দশের পরের জায়গাগুলোতে আর কোনো পরিবর্তন আসেনি। সাতে নেদালরল্যান্ডস, আটে মরক্কো, নয়ে বেলজিয়াম ও দশে জার্মানি আছে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ তিরিশের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে কেবল তিনটি দল এবারের বিশ্বকাপের জায়গা করে নিতে পারেনি। এক ধাপ এগিয়ে ১২ নম্বরে ওঠা ইতালি ছাড়াও এই তালিকায় আছে ডেনমার্ক (২০) ও নাইজেরিয়া (২৬)।
ভিয়েতনাম ও সিঙ্গাপুরের কাছে হারের র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা বাংলাদেশ নেমে গেছে ১৮১ নম্বরে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে আছে ভারত। গত মঙ্গলবার হংকংকে ২-১ গোলে হারিয়ে ৫ ধাপ এগিয়ে তাদের অবস্থান ১৩৬ নম্বরে।















মন্তব্য করুন: