ফ্রান্স ম্যাচের পর হাসপাতালে ভর্তি ছিলেন কলম্বিয়ার রদ্রিগেস

৩ এপ্রিল ২০২৬

ফ্রান্স ম্যাচের পর হাসপাতালে ভর্তি ছিলেন কলম্বিয়ার রদ্রিগেস

ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের একদিন পর কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেসকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

গত রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সের কাছে ৩-১ গোলে হারে কলম্বিয়া।

এর একদিন পর পানিশূন্যতার কারণে রদ্রিগেসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।

বিবৃতিতে বলা হয়, ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার একটি গুরুতর পানিশূন্যতার সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এর জন্য ৭২ ঘণ্টার ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং পুনরুদ্ধারের প্রয়োজন ছিল।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ৬৩ মিনিট খেলেছিলেন রদ্রিগেস। এর তিন দিন আগে ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও ৬৩ মিনিট খেলেছিলেন তিনি।

বর্তমানে মেজর লিগ সকারের দল মিনেসোটা ইউনাইটেডের এই মিডফিল্ডার এখন মিনিয়াপলিসে তার বাসভবনে বিশ্রামে আছেন বলে দ্য অ্যাথলেটিককে জানান ক্লাবটির একজন মুখপাত্র।

গত বছর ডিসেম্বরে মেক্সিকোর ক্লাব লিওনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত ফেব্রুয়ারিতে মিনেসোটায় যোগ দেন রদ্রিগেস। ফিটনেসের কারণে ক্যালিফোর্নিয়ায় ক্লাবের প্রাক-মৌসুম অনুশীলনের বেশিরভাগ সময় বাইরে ছিলেন তিনি।

মন্তব্য করুন: