সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

৪ এপ্রিল ২০২৬

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টাইব্রেকারে গড়ানো ম্যাচে রোনান সুলিভান শেষ শট জালে জড়ালে দ্বিতীয়বারের মতো বয়সভিত্তিক এই টুর্নামেন্টের শিরোপার স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল।

এর আগে গ্রুপপর্বে দুই দলের প্রথম ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছিল।

পেনাল্টি শুটআউটে ভারতের নেওয়া প্রথম শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন গোলরক্ষক ইসমাইল হোসেন। এরপর টানা তিনটি শট লক্ষ্যভেদ করে ভারত। পঞ্চম শটটি বাইরে মারেন ওমং দোদুম।

অন্যদিকে বাংলাদেশের হয়ে প্রথমত তিনটি শট জালে জড়ান মুর্শেদ আলী, চন্দন রায়, আব্দুল রিয়াদ ফাহিম। স্যামুয়েল রাকসামের চতুর্থ শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর পানেনকা শটে পঞ্চম শটটি জালে জড়ান রোনান।

এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ – এই তিন ক্যাটাগরিতে মোট আটবার সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বেশি চারবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশ ছাড়াও দুইবার শিরোপা জিতেছে নেপাল।

এর আগে ২০২৪ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ।

সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হলো বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ এবং ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরির আগের তিন ফাইনালেই হেরেছিল বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র প্রবাসী রোনানের নৈপুণ্যে ম্যাচের শুরু থেকে একাধিক আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু কোনো গোলের দেখা পায়নি।

৬৫তম মিনিটে রোনানের ভাই ডিফেন্ডার ডেকলান সুলিভানকে বদলি হিসেবে নামান বাংলাদেশ কোচ মার্ক কক্স। গোলের জন্য মরিয়া হয়ে দ্বিতীয়ার্ধে চেষ্টা চালালেও দুই দলের কেউই প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত শিরোপা লড়াইটি গড়ায় টাইব্রেকারে।

মন্তব্য করুন: