ক্লাবে ভবিষ্যৎ নিয়ে কথা বলায় ফের্নান্দেসকে দল থেকে বাদ দিল চেলসি
৪ এপ্রিল ২০২৬
আর্জেন্টিনার হয়ে জাতীয় দলের দায়িত্ব পালনের সময় ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে করা এক মন্তব্যের কারণে পরবর্তী দুই ম্যাচের জন্য চেলসির দল থেকে বাদ পড়েছেন এনসো ফের্নান্দেস।
শুক্রবার এই মিডফিল্ডারকে দল থেকে বাদ দেওয়ার কথা জানায় চেলসি কোচ লিয়াম রোজেনিওর।
ফলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা শনিবার পোর্ট ভেলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে এবং আগামী রোরবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারবেন না।
ফের্নান্দেস মার্চের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময় স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার ইঙ্গিত দিয়ে জানিয়েছিলেন, বিশ্বকাপের পর তার বিকল্পগুলো বিবেচনা করবেন। একই সঙ্গে স্পেনে বাস করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
এফএ কাপের সেমি-ফাইনাল ওঠার লড়াইয়ে মাঠে নামার আগে রোজেনিওর সাংবাদিকদের বলেন, “আমি এক ঘণ্টা আগে এনসোর সঙ্গে কথা বলেছি। একটি ফুটবল ক্লাব হিসেবে এবং আমি সেই প্রক্রিয়ার অংশ হিসেবে, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে তাকে আগামীকালের ম্যাচে (পোর্ট ভেলের বিপক্ষে) পাওয়া যাবে না। আগামী রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষেও সে থাকবে না।”
এনসোর সঙ্গে চেলসির ২০৩২ সাল পর্যন্ত চুক্তি আছে। তবে সম্প্রতি ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের রিয়াল মাদ্রিদের যাওয়ার বিষয়ে গুঞ্জন উঠেছে। কিন্তু মাদ্রিদের ক্লাবটির সঙ্গে কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করেন তিনি।
পিএসজির কাছে শেষ ষোলোয় বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়া চেলসি টানা চার ম্যাচে হেরেছে। বর্তমানে প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে আছে তারা। দলের প্রতিকূল পরিস্থিতিতে ফের্নান্দেসের এমন মন্তব্যকে হতাশাজনক হিসেবে আখ্যা দেন রোজেনিওর।
“এনসোর সম্পর্কে আমি যা বলব তা হলো, একজন ব্যক্তি হিসেবে তার সম্পর্কে আমার কোনো খারাপ কথা বলার নেই। কিন্তু আমাদের সংস্কৃতি এবং আমরা যা গড়তে চাই সেদিক থেকে একটি সীমারেখা অতিক্রম করা হয়েছিল। তাই আমাদের এই নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে।”
দুই ম্যাচে বাদ পড়লেও ফের্নান্দেসের জন্য দলের দরজা বন্ধ হয়ে যায়নি বলে নিশ্চিত করেন চেলসি কোচ।
“এনসোর জন্য দরজা বন্ধ হয়ে যায়নি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি নিষেধাজ্ঞা। আপনাকে এই ক্লাব এবং সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আন্তর্জাতিক বিরতিতে এই সীমারেখা অতিক্রম করা হয়েছিল।”















মন্তব্য করুন: