মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

গোলরক্ষকের দৃঢ়তার পরও চীনের কাছে বাংলাদেশের হার

৪ এপ্রিল ২০২৬

গোলরক্ষকের দৃঢ়তার পরও চীনের কাছে বাংলাদেশের হার

ম্যাচের শুরু থেকে চীনের একের পর এক আক্রমণ সামলে বাংলাদেশকে গোল হজমের হাত থেকে বাঁচিয়েছিলেন মিলি আক্তার। কিন্তু প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখতে পারলেও বিরতির পর আর পারেননি এই গোলকিপার। মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে পিটার বাটলারের দল।

শনিবার থাইল্যান্ডের নন্থাবুরিতে ‘এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ।

এর আগে দুই গোলে এগিয়ে থেকেও নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে হারে মেয়েরা।

তবে এখনও কোয়ার্টার-ফাইনালে খেলার আশা কিছুটা হলেও টিকে আছে বাংলাদেশের জন্য। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি যাবে শেষ আটে। তৃতীয় হওয়া তিন দলের সেরা দুটির একটি হওয়ার আশা নিয়ে আগামী মঙ্গলবার ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাটলারের দল।

শারীরিক গড়ন ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা চীন শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রাখে। কিন্তু গোলপোস্টে মিলির দৃঢ়তায় গোল হজম করতে হয়নি। দূরপাল্লার ফ্রি কিক অনেকটা লাফিয়ে গ্লাভসের ছোঁয়ায় ক্রসবারের উপর দিয়ে পাঠান তিনি। বিরতির আগে পরপর তিনটি সেভ করে দলকে বাঁচান এই গোলকিপার।

প্রথমার্ধের যোগ করা সময়ে একটি মাত্র উল্লেখযোগ্য সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু সাগরিকার দুর্বল শট সহজেই ফেরান চীনা গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। ৪৭তম মিনিটে মিলির দেয়াল ভেদ করেন ইউ জিংউই। এরপর চাপ ধরে রেখে ৮২তম মিনিটে ফ্রি কিক থেকে দ্বিতীয় গোলের দেখা পায় চীন। মিলির গ্লাভস ছুঁয়ে বল জালে জড়ায়।

মন্তব্য করুন: