রিয়ালের হারের দিনে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা

৫ এপ্রিল ২০২৬

রিয়ালের হারের দিনে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা

অবনমনের শঙ্কায় থাকা দলের কাছে হেরে লা লিগায় শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১০ জনের আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা।

শনিবার আতলেতিকোর মাঠে ২-১ গোলের জয় পায় বার্সেলোনা।

ঘরের মাঠে ৩৯তম মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে যায় আতলেতিকো। এর তিনি মিনিট পর মার্কাস র‌্যাশফোর্ডের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। যোগ করা সময়ের শেষ দিকে লামিনে ইয়ামালকে ফাউল করায় লাল কার্ড দেখেন আতলেতিকোর আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস গনসালেস।

৮৭তম মিনিটে বার্সেলোনার জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা রবের্ট লেভানডফস্কি।

৩০ ম্যাচে ২৫ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ৭৬। ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আতলেতিকো। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তিনে ভিয়ারিয়াল।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আবার মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো। ম্যাচটি হবে কাম্প নউয়ে।

শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদমায়োর্কার মাঠে ২-১ গোলে হারে রিয়াল।

প্রথমার্ধে পিছিয়ে পড়া আলভারো আরবেলোয়ার দলকে নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে সমতায় ফেরান এদের মিলিতাও। পেশির চোটে গত ডিসেম্বর থেকে মাঠের বাইরে থাকা এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদিন প্রথমবারের মতো মাঠে নামেন। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল হজম করে হেরে যায় লা লিগার সফলতম ক্লাবটি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয়ের পর হারের মুখ দেখল রিয়াল। লিগে চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম হার। ৩০ ম্যাচে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

অন্যদিকে এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসে ১৭ নম্বরে আছে মায়োর্কা।

মন্তব্য করুন: