ম্যানসিটি ছাড়ছেন অধিনায়ক সিলভা
৬ এপ্রিল ২০২৬
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন দলটির অধিনায়ক বের্নার্দো সিলভা। পর্তুগিজ এই মিডফিল্ডারের সঙ্গে চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তা আর নবায়ন করবে না ইংলিশ ক্লাবটি।
রোববার সিটির সহকারী কোচ পেপ লাইন্ডার্স জানান, মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন ৩১ বছর বয়সী সিলভা।
“সব ভালো গল্পেরই শেষ আছে। আশা করি, সে (সিলভা) তার শেষ সপ্তাহগুলো উপভোগ করবে। আর মাত্র ছয় সপ্তাহ বাকি এবং শেষে সুন্দরভাবে বিদায় নিতে পারবে। সবটুকু মনোযোগ ও আকর্ষণ তার প্রাপ্য।”
সিটি প্রধান কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য কিছুদিন আগে জানিয়েছিলেন, সিলভার কোনো বিকল্প নেই।
৮ বছর বয়সে নিজ দেশের ক্লাব বেনফিকার একাডেমিতে ফুটবলের সঙ্গে পথচলা শুরু হয় সিলভার। এই ক্লাবের হয়েই ১৯ বছর বয়সে অভিষেক হয় পেশাদার ফুটবলে। সেখান থেকে ২০১৫ সালে তিনি ধারে খেলতে যান মোনাকোয়। পরে ফরাসি ক্লাবটিতে পাড়ি জমান নতুন চুক্তিতে।
মোনাকো থেকে ২০১৭ সালে প্রায় ৪ কোটি ৩৫ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টারে পাড়ি জমান সিলভা। ক্রমেই হয়ে ওঠেন গুয়ার্দিওলার দলের মাঝমাঠের অপরিহার্য অংশ।
সিটিতে ৯ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৫০ ম্যাচ খেলা সিলভা ইতোমধ্যে জিতেছেন ১৯টি শিরোপা। এর মধ্যে আছে ৬টি প্রিমিয়ার লিগ, ৫টি লিগ কাপ, ৩টি কমিউনিটি শিল্ড, ২টি এফএ কাপ, ১টি করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ।
বিদায় নেওয়ার আগে আরও দুটি শিরোপা জেতার সুযোগ আছে সিটি অধিনায়কের। ইতোমধ্যে এফএ কাপের সেমি-ফাইনালে উঠেছে তার দল। এছাড়া প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে টিকে আছে তারা। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলা সিটি ৯ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে।















মন্তব্য করুন: