প্রথমবারের মতো ইউরোপে খেলতে যাচ্ছে জামাল-হামজারা

৭ এপ্রিল ২০২৬

প্রথমবারের মতো ইউরোপে খেলতে যাচ্ছে জামাল-হামজারা

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুনের আন্তর্জাতিক বিরতিতে ফিফা র‌্যাঙ্কিংয়ের একদম তলানির দল সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা।

মঙ্গলবার এই প্রীতি ম্যাচের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সান মারিনো ফুটবল ফেডারেশন।

আগামী ৫ জুন সান মারিনোর সেররাভাল্লেতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও সান মারিনোর জন্যও এটি মাইলফলকের একটি ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচ দিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কোনো দেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশটি।

গত শনিবার জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফে জানিয়েছিল, জুনের আন্তর্জাতিক বিরতিতে থাইল্যান্ড অথবা মায়ানমারের মতো মানসম্পন্ন দলের সঙ্গে খেলার চেষ্টা করা হবে। কিন্তু এখন তারা একটি ম্যাচ খেলবে ফিফা র‌্যাঙ্কিংয়ের ২১১ নম্বরে থাকা দলের বিপক্ষে।

মার্চের আন্তর্জাতিক বিরতিতে ফারো আইল্যান্ডের কাছে হেরেছিল সান মারিনো। অন্য ম্যাচে আন্ডোরার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।

অন্যদিকে মার্চে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই হারে র‌্যাঙ্কিংয়ের ১৮১ নম্বরে থাকা বাংলাদেশ।

মন্তব্য করুন: