মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ
ভিয়েতনামের কাছে হেরে খালি হাতে বিদায় বাংলাদেশের
৭ এপ্রিল ২০২৬
কোয়ার্টার-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে হার এড়াতে লাগত বাংলাদেশের। কিন্তু ভিয়েতনামের কাছে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ থেকে খালি হাতেই বিদায় নিয়েছে পিটার বাটলারের দল।
মঙ্গলবার থাইল্যান্ডের নন্থাবুরিতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ।
এই গ্রুপ থেকে আগেই কোয়ার্টার-ফাইনালে খেলা নিশ্চিত করে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন এবং থাইল্যান্ড।
থাইল্যান্ডের কাছে দুই গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হারের পর চীনের কাছে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। শেষ আটের আশা টিকিয়ে রাখতে ভিয়েতনামের সঙ্গে অন্তত ড্র করতে হতো আফঈদা-সাগরিকাদের। কিন্তু টানা তিন হারে গ্রুপে তলানিতে থেকে আসর শেষ করল তারা।
তিন গ্রুপের তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি দল পাবে শেষ আটের টিকিট। বাংলাদেশকে হারিয়ে সেই আশা বাঁচিয়ে রাখল ভিয়েতনাম।
ম্যাচের ১৩তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন সাগরিকা। থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করা এই ফরোয়ার্ডের চিপ শট গ্লাভসবন্দী করেন গোলরক্ষক।
চাপ সামলে আক্রমণে যায় ভিয়েতনামও। কিন্তু মিলি আক্তারের নৈপুণ্যে সফল হতে পারেনি তারা।
তবে বিরতির পর শুরুতে ঠিকই এগিয়ে যায় ভিয়েতনাম। ৪৯তম মিনিটে উড়ে আসা বল নাগালের মধ্যে পেলেও তা মিলির গ্লাভস গলে বেরিয়ে যায়। তা থেকে গোল পায় প্রতিপক্ষ। শেষ পর্যন্ত আক্রমণে আর তেমন আশা জাগানিয়া কিছু করতে পারেনি বাংলাদেশ।















মন্তব্য করুন: