৪০ বছরেও অপ্রতিরোধ্য নয়ারের ৯ সেভে মুগ্ধ বায়ার্ন কোচ
৮ এপ্রিল ২০২৬
গত মাসে ৪০ বছরে পা দিলেও গোলপোস্টের নিচে এখনও অপ্রতিরোধ্য মানুয়েল নয়ার। জার্মান এই গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। তার এই পারফরম্যান্সে কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, নয়ারের দক্ষতা দেখে তিনি প্রতিদিনই মুগ্ধ হন।
মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের বিপক্ষে বায়ার্নের ২-১ গোলে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন নয়ার। পুরো ম্যাচে জার্মানির বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসুস জুনিয়রের তিনটি করে শট রুখে দেন।
এই জয়ে আগামী সপ্তাহে মিউনিখে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের লড়াইয়ের আগে সুবিধাজনক অবস্থানে থাকল বায়ার্ন।
দুই গোলে পিছিয়ে থাকা রিয়ালকে ৭৪তম মিনিটে সমতায় ফেরান এমবাপ্পে। তবে ফরাসি এই তারকার গোলটি প্রায় রুখে দিয়েছিলেন নয়ার। তার হাতে বল লাগলেও শেষ পর্যন্ত তা গোললাইন অতিক্রম করে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নয়ার সর্বকালের সেরা গোলরক্ষক কি না – এমন প্রশ্নের জবাবে ৩৯ বছর বয়সী বেলজিয়ামের সাবেক ডিফেন্ডার কোম্পানি বলেন, “আপনি আমাকে থিবো কোর্তোয়ার (রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক) মতো ছেলেদের সঙ্গে ঝামেলায় ফেলবেন, যাদের আমি খুব পছন্দ করি!”
“সবার নিজস্ব পছন্দ থাকতে পারে, কিন্তু মানু (নয়ার) এটি অনেক দীর্ঘ সময় ধরে করে চলেছে। এটি এমন কিছু যা খুব বেশি গোলরক্ষক করতে পারে না। আমি তাকে প্রতিদিন অনুশীলনে দেখি এবং এখনও আমি প্রতিদিন মুগ্ধ হই। এটি দেখায় যে সে এখনও শীর্ষস্থানীয় গোলরক্ষকদের একজন হিসেবে থাকতে কতটা সক্ষম।”
এদিন মোট ৯টি সেভ করেন নয়ার, যা গত পাঁচ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এক ম্যাচে তার সর্বোচ্চ। এর আগে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে তিনি এর চেয়ে বেশি সেভ করেছিলেন ২০১৭ সালের এপ্রিলে। সেবারও রিয়ালের বিপক্ষে তিনি ১০টি শট রুখে দিয়েছিলেন।
ম্যাচ শেষে রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন এবং ডিফেন্ডার আন্তোনিও রুডিগার দুজনেই নয়ারকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেন।
রিয়ালের খেলোয়াড়দের চোখে নয়ার সেরা খেলোয়াড় হওয়া প্রসঙ্গে বায়ার্ন কোচ “যদি তিনি সেরা খেলোয়াড় হয়ে থাকেন তবে আমি তাতে খুশি। এতে কোনো সমস্যা নেই।”
“এই স্তরের এই ধরনের ম্যাচগুলোতে আপনার সবসময় বিশেষ পারফরম্যান্সের প্রয়োজন। আজ আমাদের আরও বেশি গোল করার সুযোগ ছিল, তাই আশা করি আমরা এই ফর্মটি অব্যাহত রাখব। আশা করি আগামী সপ্তাহে আমাদের স্ট্রাইকাররা সেরা খেলোয়াড় হবে, সেটিও আমার জন্য ঠিক আছে।”















মন্তব্য করুন: