ইয়ামালকে সবসময় আগলে রাখার ঘোষণা বার্সা কোচের
৮ এপ্রিল ২০২৬
চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার মাঠে নামার আগে আলোচনায় আছে সবশেষ ম্যাচে লামিনে ইয়ামালের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এমন অবস্থায় কাতালান ক্লাবটির কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, ১৮ বছর বয়সী এই তারকাকে সবসময় সমর্থন দেওয়ার পাশাপাশি আগলে রাখবেন তিনি।
গত শনিবার লা লিগার ম্যাচে আতলেতিকোকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। সেদিন রবের্ট লেভানডফস্কির জয়সূচক গোলটি উদযাপন করেননি ইয়ামাল। ম্যাচ শেষ হওয়ার পর তাকে বিরক্তও দেখাচ্ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাইডলাইনে বার্সেলোনার গোলকিপিং কোচ হোসে র্যামন দে লা ফুয়েন্তের সাথে কথোপকথনের জেরে তিনি মনক্ষুণ্ণ ছিলেন।
বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আতলেতিকোর বিপক্ষে মাঠে নামার আগে ইয়ামালের প্রতিটি আচরণ নিয়ে জলঘোলা না করার আহ্বান জানান ফ্লিক।
মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই জার্মান কোচ বলেন, “লামিন একজন অবিশ্বাস্য খেলোয়াড়। কিন্তু তার বয়স মাত্র ১৮। অবশ্যই কখনও কখনও সে রাগান্বিত হয় যখন আমি তাকে পরিবর্তন করি অথবা যখন সে হয়তো চার-পাঁচজন খেলোয়াড়কে ড্রিবলিং করে কাটিয়ে যাওয়ার পর শট নেয় এবং লক্ষ্যভ্রষ্ট হয় (যেমনটা আতলেতিকোর বিপক্ষে হয়েছিল)। সেই গোলটি করতে না পারাটা কখনও কখনও তার নিজের জন্য হতাশাজনক হয়।”
“সে আবেগপ্রবণ এবং এটা ভালো। আমি সবসময় তাকে সমর্থন করব। সে একজন চমৎকার খেলোয়াড়, সঠিক পথেই আছে এবং আমরা তাকে সঠিক পরিবেশে বিকশিত হতে সাহায্য করছি। সে যা করছে তা নিয়ে চারদিকে এই শোরগোল করা ভালো নয়।”
“আমি জানি সবাই তার দিকে তাকিয়ে থাকে কারণ সে একজন চমৎকার খেলোয়াড়। কিন্তু তার বয়স মাত্র ১৮। আমরা প্রত্যেকেই ভুল করি। আমি তাকে বলেছি, তুমি বিভিন্ন কিছু চেষ্টা করতে পারো, কোনো সমস্যা নেই, আমি সবসময় তোমাকে আগলে রাখব।”
১১ দিনের ব্যবধানে এই দুই দলের তিনবার দেখা হওয়ার সূচিতে এটি দ্বিতীয় ম্যাচ। আগামী মঙ্গলবার ফিরতি লেগে ঘরের মাঠে আতলেতিকোর মুখোমুখি হবে বার্সেলোনা।
২০২৪ সালে ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকে বার্সেলোনার শোকেসে শুধুমাত্র চ্যাম্পিয়নস লিগ ট্রফিটিই নেই। তারা ইউরোপ ক্লাব সেরার টুর্নামেন্টের সবশেষ শিরোপা জেতে ২০১৫ সালে।















মন্তব্য করুন: