লিভারপুলের দুর্দশা সত্ত্বেও নিজেদের ফেবারিট মানতে নারাজ পিএসজি

৮ এপ্রিল ২০২৬

লিভারপুলের দুর্দশা সত্ত্বেও নিজেদের ফেবারিট মানতে নারাজ পিএসজি

সাম্প্রতিক ছন্দহীনতা ও দলের অভ্যন্তরীণ অস্থিরতায় বিপর্যস্ত লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামার আগে নিজেদের ফেবারিট মানতে নারাজ পিএসজি।

বুধবার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারীরা।

বর্তমানে লিভারপুলের অবস্থা বেশ শোচনীয়। প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে পড়া, এফএ কাপে বিধ্বস্ত হওয়া, কোচ আর্নে স্লটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এবং মৌসুম শেষে দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহর ক্লাব ছাড়ার ঘোষণা – সব মিলিয়ে এক বিপর্যস্ত অবস্থায় আছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

অথচ গত বছরের চিত্র ছিল পুরো আলাদা। স্লটের অধীনে সেবার লিভারপুল ছিল অপ্রতিরোধ্য, আর পিএসজি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পার হতেই ধুঁকছিল। সেবার শেষ ষোলোর লড়াইয়ে টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে শেষ পর্যন্ত নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছিল পিএসজি।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ম্যাচের ফেবারিট প্রশ্নে ফরাসি ক্লাবটির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া বলেন, “আপনাদের (গণমাধ্যমের) চোখে আমরা ফেবারিট। ঠিক যেভাবে গত বছর আপনারা বলেছিলেন যে লিভারপুল ফেবারিট ছিল।

লিভারপুল তাদের সেরা ফর্মে না থাকলেও তারা দুর্দান্ত খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি দুর্দান্ত দল।

পিএসজি যখন আরও একটি ফরাসি লিগ ওয়ানের শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে, তখন লিভারপুল প্রিমিয়ার লিগে আছে পঞ্চম স্থানে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পিছিয়ে আছে ২১ পয়েন্টে। গত শনিবার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর অধিনায়ক ভার্জিল ফন ডাইক জানিয়েছিলেন, তার দল ‘হাল ছেড়ে দিয়েছিল এবং তিনি ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন।

অন্যদিকে শিষ্যের মতো এই ম্যাচে নিজেদের ফেবারিট মানতে নারাজ পিএসজি কোচ লুইস এনরিকেও।

 “এই দলটির সাথে কাউকে ফেবারিট হিসেবে বেছে নেওয়া অসম্ভব। আমি এটি বিশ্বাস করি না।

কারা ফেবারিট? যদি আপনার মনে থাকে গত বছর সবাই বলেছিল লিভারপুল, এবং যে দলটি কোয়ালিফাই করেছিল (পরবর্তী রাউন্ডের জন্য) সেটি ছিল পিএসজি। আমার জন্য, এখানে কোনো ফেবারিট নেই।

মন্তব্য করুন: