ইতালি খেলোয়াড়দের বোনাস চাওয়ার দাবি অস্বীকার দোন্নারুম্মার
৯ এপ্রিল ২০২৬
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের বিনিময়ে ইতালির খেলোয়াড়দের ‘বোনাস’ দাবি করার বিষয়টি অস্বীকার করে গোলরক্ষক ও অধিনায়ক জানলুইজি দোন্নারুম্মা জানিয়েছেন, এমন সংবাদে তিনি অত্যন্ত ব্যথিত।
গত মাসে ইউরোপিয়ান বাছাইপর্বের প্লে-অফে ‘এ’ গ্রুপের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
এই ব্যর্থতার জেরে ইতালির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গাব্রিয়েল গ্রাভিনা, জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান ও সাবেক কিংবদন্তি গোলরক্ষক জানলুইজি বুফ্ফন এবং প্রধান কোচ গেন্নারো গাত্তুসো।
বিশ্বকাপে ইতালি উঠতে ব্যর্থ হওয়ার পর বিভিন্ন গণমাধ্যম দাবি করে, প্লে-অফে ‘এ’ গ্রুপের সেমি-ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারানোর পর বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারলে ফেডারেশনের কাছে বোনাস চেয়েছিলেন ইতালির খেলোয়াড়রা।
এ বিষয়ে স্কাই স্পোর্টস ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দোন্নারুম্মা বলেন, “অধিনায়ক হিসেবে আমি কখনোই ইতালি জাতীয় দলের কাছে একটি ইউরোও চাইতে যাইনি।”
“জাতীয় দল যা করে, প্রতিটি প্রতিযোগিতার মতো সব সময়ই, তা হলো কোনো টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জনকারী খেলোয়াড়দের একটি উপহার দেওয়া। এটুকুই ছিল। কিন্তু ফেডারেশনের কাছে কেউ কিছুই চায়নি। আমাদের পুরস্কার ছিল বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাওয়া।”
২৭ বছর বয়সী এই গোলরক্ষক দলের বর্তমান বিপর্যয় কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করে জানান, ২০৩০ বিশ্বকাপের আগে ইউরোপের প্রতিযোগিতাগুলোতে ভালো করতে চায় তারা।
“আমাদের নতুন করে শুরু করতে হবে, এগিয়ে যেতে হবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। পরবর্তী বিশ্বকাপের জন্য এখনও চার বছর বাকি আছে। এই সময়ের মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং নেশনস লিগের মতো বড় প্রতিযোগিতা রয়েছে।”
“বিশ্বকাপ নিয়ে ভাবার আগে, মাঝখানের এই বড় টুর্নামেন্টগুলোতে আমাদের মনোযোগ দিতে হবে এবং আমাদের এখনই জোরালভাবে আবার শুরু করতে হবে।”















মন্তব্য করুন: