আতলেতিকো ম্যাচে পেনাল্টি না পেয়ে উয়েফায় অভিযোগ বার্সার
১০ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের ম্যাচে দাবি করা পেনাল্টি না পাওয়ায় উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে বার্সেলোনা।
গত বুধবার কাম্প নউয়ে অনুষ্ঠিত ম্যাচের অর্ধেকের বেশি সময় ১০ জনের দল নিয়ে খেলে আতলেতিকোর কাছে ২-০ গোলে হারে হানসি ফ্লিকের দল।
ম্যাচের ৫৪তম মিনিটে আতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসো গোল কিক নিয়েছেন মনে হলেও ডি-বক্সের ভেতর ডিফেন্ডার মার্ক পুবিল হাত দিয়ে বল থামিয়ে গোলরক্ষককে ফেরত পাঠান। তখনই পেনাল্টির দাবি জানায় বার্সেলোনা। কিন্তু ম্যাচের রেফারি কোনো সাড়া দেননি। ভিএআর এর দায়িত্বে থাকা রেফারিও বিষয়টি এড়িয়ে যান। সে সময় ১-০ গোলে এগিয়ে ছিল আতলেতিকো।
এই ঘটনায় ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে বার্সেলোনা কোচ জানান, তার কাছে এটি স্পষ্ট পেনাল্টি এবং লাল কার্ড পাওয়ার মতো ঘটনা।
বৃহস্পতিবার উয়েফার কাছে অভিযোগ করার কথা জানিয়ে এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, তারা এই ঘটনার তদন্তের দাবি করেছে। একই সঙ্গে রেফারিদের কথোপকথন শোনার অনুমতি চেয়েছে।
আগামী মঙ্গলবার আতলেতিকোর মাঠে ফিরতি লেগে মাঠে নামবে দুই দল।















মন্তব্য করুন: