পেনাল্টি না পাওয়ায় ক্ষুব্ধ রিয়াল কোচ
১১ এপ্রিল ২০২৬
স্প্যানিশ লা লিগায় জিরোনার সঙ্গে পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে আরেকটি বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। দলটির কোচ আলভারো আরবেলোয়া দাবি করেছেন, ম্যাচের ফল পরিবর্তন করতে পারত এমন একটি পেনাল্টি দেওয়া হয়নি তাদের।
শুক্রবার সান্তিয়াগো বের্নাবেউয়ে জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল। এমন ফলের পর এদিন ঘরের মাঠের সমর্থকদের কাছে দুয়ো শুনতে হয় ভিনিসুস-এমবাপ্পেদের।
ম্যাচের ৫১তম মিনিটে ফেদেরিকো ভালভের্দের দূরপাল্লার শটে এগিয়ে যায় রিয়াল। তবে ১১ মিনিট পর সমতায় ফেরে জিরোনা।
ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি আসে ৮৭তম মিনিটে, যখন ডি-বক্সের ভেতর জিরোনা ডিফেন্ডারের চ্যালেঞ্জে মুখে আঘাত পান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু রেফারি এটিকে ফাউল মনে করেননি এবং ভিএআরও এতে হস্তক্ষেপ করেনি।
এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল। শনিবার নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মুখোমুখি হবে হানসি ফ্লিকের দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে করা ওই সম্ভাব্য ফাউলে পেনাল্টি না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আরবেলোয়া বলেন, “আমার কাছে এটি স্পষ্ট একটি পেনাল্টি। আমি এটি বুঝতে পারছি না, এবং আমার মনে হয় না কেউ বুঝতে পারছে।”
“এটি আমার কাছে অত্যন্ত পরিষ্কার একটি ঘটনা। এই ধরনের রেফারির অধীনে আমাদের সঙ্গে এমনটা অনেকবার ঘটেছে। এমনকি গত সপ্তাহে মায়োর্কাতেও এমনটাই হয়েছিল। এটি সবসময়ের মতোই একই চিত্র।”
এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় ম্যাচে জয়হীন থাকল রিয়াল। লা লিগায় গত ৪ এপ্রিল অবনমনের শঙ্কায় থাকা মায়োর্কার কাছে হারে তারা। এরপর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হারে তারা।
লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা লড়াইয়ে হোঁচট খেলেও এখনই হাল ছাড়তে নারাজ রিয়াল কোচ।
“জিততে হলে আমাদের ২০০% দিয়ে খেলতে হবে। আমরা ৯০% দিয়ে জিততে পারব না, অন্তত সবসময় তো নয়ই। যদি আপনি আপনার চেয়ে দুর্বল দলগুলোর বিরুদ্ধে জয় নিশ্চিত করতে চান, তবে আপনাকে ২০০% দিতে হবে। নাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
“যতক্ষণ না পর্যন্ত শিরোপা হাতছাড়া হচ্ছে, আমরা লড়াই চালিয়ে যাব।”
চোট কাটিয়ে মাঠে ফেরার পর এদিন প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া জুড বেলিংহামের পারফরম্যান্সের প্রশংসা করেন আরবেলোয়া। এমবাপ্পে ও ভিনিসুস জুনিয়রের গোলখরা নিয়ে মোটেও চিন্তিত নন বলে জানান তিনি।
“এমবাপ্পে ও ভিনির যে রকম পরিসংখ্যান আছে তাতে তাদের মতো খেলোয়াড়দের নিয়ে আমি ভাবতে পারি না। তারা বিশ্বের সেরা ৪ বা ৫ জন খেলোয়াড়ের মধ্যে অন্যতম... আমাদের সামগ্রিকভাবে অনেক বিষয়ে উন্নতি করতে হবে, বিশেষ করে সেই দলগুলোর বিপক্ষে যারা রক্ষণাত্মক খেলে।”
আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মিউনিখে মাঠে নামবে রিয়াল।















মন্তব্য করুন: