বিবর্ণ পারফরম্যান্সে এবার প্রিমিয়ার লিগেও হারল আর্সেনাল

১১ এপ্রিল ২০২৬

বিবর্ণ পারফরম্যান্সে এবার প্রিমিয়ার লিগেও হারল আর্সেনাল

ইংলিশ ফুটবলের দুটি ঘরোয়া টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হারের পর এবার প্রিমিয়ার লিগেও হেরে গেছে শিরোপাপ্রত্যশী আর্সেনাল। বোর্নমাউথের কাছে তাদের এই পরাজয়ে জমে ওঠার আভাস দিচ্ছে শিরোপা লড়াই। সঙ্গে শীর্ষে থাকা দলটির সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছে ম্যানচেস্টার সিটি।

শনিবার ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হারে আর্সেনাল। লিগে আট ম্যাচ পর হারল তারা।

৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মিকেল আর্তেতার দল। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলা সিটি ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। রোববার চেলসির মুখোমুখি হবে পেপ গুয়ার্দিওলার দল।

এলি জুনিয়র ক্রুপির গোলে ১৭তম মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। চলতি মৌসুমে ফ্রান্সের এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের এটি দশম গোল। ১৯৯৯-২০০০ মৌসুমের পর প্রথম কোনো টিনএজার হিসেবে নিজের অভিষেক মৌসুমে ১০ বা তার বেশি গোল করার কীর্তি গড়েন তিনি।

৩৫তম মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে সমতায় ফেরান সুইডিশ ফরোয়ার্ড ভিক্তর ইয়োকেরেশ।

৭৪তম মিনিটে অ্যালেক্স স্কটের গোলে আবার এগিয়ে যায় বোর্নমাউথ। গোলের জন্য মরিয়া আর্সেনাল শেষ দিকে কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে হারল আর্সেনাল। গত ২২ মার্চ ইংলিশ ফুটবল লিগ কাপের ফাইনালে সিটির কাছে ২-০ গোলে হারে তারা। গত রোববার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে দ্বিতীয় স্তরের দল সাউদাম্পটনের কাছে ২-১ গোলে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।

গত বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে স্পোর্তিং লিসবনের মাঠে ১-০ গোলের জয় পায় আর্সেনাল। বুধবার ঘরের মাঠে ফিরতি লেগে পর্তুগিজ দলটির মুখোমুখি হবে তারা। এরপর আগামী ১৯ এপ্রিল লিগে সিটির মুখোমুখি হবে আর্তেতার শিষ্যরা।

মন্তব্য করুন: