আল-নাসেরের রেকর্ডের দিনে রোনালদোর ৯৬৮

১২ এপ্রিল ২০২৬

আল-নাসেরের রেকর্ডের দিনে রোনালদোর ৯৬৮

সৌদি প্রো লিগে নিজেদের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচে জয়ের রেকর্ডে গড়েছে আল-নাসের। দলের এমন কীর্তির দিনে প্রথম গোল করে অবদান রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ থেকে আর ৩২ গোল দূরে আছেন পর্তুগিজ এই মহাতারকা।

শনিবার আল-আখদুদকে ২-০ গোলে হারায় আল-নাসের। চলতি লিগে এটি তাদের টানা ১৪তম জয়। এই জয়ে রোনালদোর দল ছাড়িয়ে গেছে ২০১৩-১৪ মৌসুমের টানা জয়ের ধারাকে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৫তম মিনিটে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল ধরে বক্সে ঢুকে আল-নাসেরকে এগিয়ে দেন অধিনায়ক রোনালদো।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজারের গোলের মাইলফলকের পথে ছুটতে থাকা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার গোল সংখ্যা এখন ৯৬৮টি।

চলতি লিগে রোনালদোর গোল হলো ২৪ ম্যাচে ২৪টি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিংসলে কোমানের হেড পোস্টে লিগে ফিরে এলে জটলার মধ্য থেকে আল-নাসেরের ব্যবধান দ্বিগুণ করে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স।

এই জয়ে ২০১৮-১৯ মৌসুমের পর কাঙ্ক্ষিত লিগ শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়ে গেল আল নাসের। ২৮ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল-হিলাল।

মন্তব্য করুন: