চোখে জল নিয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন ডিফেন্ডার
১৩ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে টটনাম হটস্পারের হারের চোটে পড়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো। নিজ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়েছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
রোববার সান্ডারল্যান্ডের মাঠে ১-০ গোলে হারের ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান রোমেরো। সংঘর্ষের পর গোলরক্ষক আন্তোনিন কিনস্কি মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলা চালিয়ে যেতে সক্ষম হন।
রোমেরোর চোটের ধরন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও সাইডলাইনে যাওয়ার সময় তাকে বিমর্ষ দেখাচ্ছিল। যদিও ২৭ বছর বয়সী এই ফুটবলার নিজে হেঁটেই মাঠ ছেড়েছেন এবং কোনো স্ট্রেচারের প্রয়োজন হয়নি। তবে মাঠ ছাড়ার সময় সতীর্থদের তাকে সান্ত্বনা দিতে দেখা যায়।
টটনামের জন্য এই হার এবং রোমেরোর চোট বড় একটি ধাক্কা। বর্তমানে পয়েন্ট তালিকার ১৮তম স্থানে থেকে অবনমন অঞ্চলেই আটকে থাকল দলটি। লিগে বাকি আছে তাদের ছয় ম্যাচ। ১৭ নম্বরে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
অন্যদিকে আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে রোমেরোর এই চোট বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। লিওনেল স্কালোনির দলের রক্ষণভাগের অন্যতম ভরসার নাম তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টটনামের নতুন কোচ রবের্তো দে জেরবি রোমেরোর এই চোটকে বেশ বাজে হিসেবে অভিহিত করেন। তবে চোটের তীব্রতা সম্পর্কে কিছু জানাননি।
“আমাদের আগামী কয়েক দিন দেখতে হবে। আশা করছি এটি আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ সমস্যা হবে না কারণ সে আমাদের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মৌসুম শেষ করতে এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য তাকে আমাদের প্রয়োজন।”
বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।















মন্তব্য করুন: