ক্লাবের বাসে ডাকাতের হামলায় ঘানার ফুটবলার নিহত

১৩ এপ্রিল ২০২৬

ক্লাবের বাসে ডাকাতের হামলায় ঘানার ফুটবলার নিহত

ঘানা প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে ম্যাচ খেলে ফেরার পথে ডাকাতের হামলায় নিহত হয়েছেন ঘানার ফুটবলার ডমিনিক ফ্রিমপং। ২০ বছর বয়সী এই উইঙ্গার বেরেকুম চেলসির হয়ে খেলতেন।

সোমবার এক বিবৃতিতে টিম বাসে বন্দুক হামলার বিষয়টি জানায় বেরেকুম চেলসি। পরে বিবৃতিতে ফ্রিমপংয়ের মৃত্যুর বিষয়টি জানায় ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন।

রোববার ঘানার দক্ষিণাঞ্চলের সারেবইয়ে সামারটেক্স ক্লাবের বিপক্ষে ম্যাচ শেষে বাসে করে বেরেকুমে ফিরছিল দলটি। যাত্রাপথে গোয়াসো-বিবিয়ানি রাস্তায় তারা এই হামলার শিকার হয়। ম্যাচে ১-০ গোলে জেতে স্বাগতিক সামারটেক্স।

ক্লাবটি জানায়, মুখোশধারীরা বন্দুক নিয়ে দলটির বাসের দিকে লক্ষ্য করে গুলি চালালে ড্রাইভার বাসটিকে পেছনে নেওয়ার চেষ্টা করে। নিজেদের বাঁচাতে খেলোয়াড় ও দলের সদস্যরা পাশের জঙ্গলে আশ্রয় নিয়েছিল।   

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, ফ্রিমপংয়ের এভাবে প্রাণ হারানোর ঘটনা ঘানার ফুটবলে বড় আঘাত হয়ে এসেছে। এই ঘটনা পুরো ফুটবল অঙ্গনের জন্যই অনেক বড় ধাক্কা।

এই ঘটনার পর ঘরোয়া আসরগুলোতে দলগুলোর যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে তারা।

এর আগে ২০২৩ সালে সামারটেক্সের বিপক্ষেই একটি ম্যাচের পর লেগন সিটিস দলের বাসে একই ধরনের হামলা চালানো হয়েছিল। তবে সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

মন্তব্য করুন: