জিতেও বার্সেলোনার বিদায়, আতলেতিকোর সঙ্গে সেমিতে পিএসজি
১৫ এপ্রিল ২০২৬
শুরুর আধা ঘণ্টার ভেতর প্রথম লেগের দুই গোলের ব্যবধান ঘুচিয়ে প্রত্যাবর্তনের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বার্সেলোনা। তবে সেই ব্যবধান আবার বাড়িয়ে নিতে খুব একটা সময় নিল না আতলেতিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে দিয়েগো সিমিওনের দল। অন্যদিকে লিভারপুলকে আবার হারিয়ে শেষ চারে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
মঙ্গলবার মেত্রোপলিতানোয় কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে স্বাগতিক আতলেতিকোকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় হানসি ফ্লিকের দলকে।
অন্যদিকে ৩-২ গোলের অগ্রগামিতায় ২০১৬-১৭ মৌসুমের পর আবার ইউরোপ ক্লাব সেরার আসরের সেমি-ফাইনালে উঠল আতলেতিকো। সেবারও বার্সেলোনাকে বিদায় করেই শেষ চারে উঠেছিল তারা।
দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে প্রায় ২০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয় বার্সেলোনাকে। গত সপ্তাহে ঘরের মাঠে প্রথম লেগে ২-০ গোলে হারের ম্যাচে পাউ কুবার্সির লাল কার্ডে প্রথমার্ধেই ১০ জনে পরিণত হয়েছিল কাতালান ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে ষষ্ঠ মিনিটেই লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় লা লিগার শীর্ষ দলটি। ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দুই লেগ মিলিয়ে দলকে সমতায় ফেরান ফেররান তোরেস।
৩১তম মিনিটে ব্যবধান কমিয়ে দুই লেগ মিলিয়ে আবার আতলেতিকোকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমান।
এরপর গোলের খোঁজে আক্রমণের ধার বজায় রাখে বার্সেলোনা। কিন্তু গোলরক্ষক হুয়ান মুসোর দেয়াল ভেদ করতে পারেনি তারা। উল্টো ৭৭তম মিনিটে তাদের বিপদ বাড়ান গার্সিয়া। আলেক্সান্দার সরলথকে পেছন থেকে টেনে ধরে শুরুতে হলুদ কার্ড দেখেন তিনি। পরে মনিটরে রিপ্লে দেখে স্প্যানিশ এই ডিফেন্ডারকে সরাসরি লাল কার্ড দেন রেফারি।
শেষ পর্যন্ত জিতেও বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।
অন্য ম্যাচে অ্যানফিল্ডে উসমান দেম্বেলের জোড়া গোলে লিভারপুলকে ২-০ গোলে হারায় পিএসজি। গত সপ্তাহে ঘরের মাঠে একই ব্যবধানে জেতা লুইস এনরিকের দল দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় শেষ চারে ওঠে।
ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা লিভারপুল ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ২১টি, যার মধ্যে লক্ষ্যে রাখে ৭টি। অন্যদিকে ১১টি শট নেওয়া পিএসজির লক্ষ্যে থাকে ৫টি।
স্বাগতিকদের একের পর এক আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণে ৭২তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন দেম্বেলে। সাত মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুলের আশা শেষ করে দেন ২০২৫ ব্যালন ডি’অর জয়ী এই ফরাসি তারকা।















মন্তব্য করুন: