মেসিদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মাসচেরানো
১৫ এপ্রিল ২০২৬
ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ জেতানোর চার মাসের মাথায় হুট করেই দলটির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক এই মিডফিল্ডার।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায় মায়ামি। মাসচেরানোর অনুপস্থিতিতে পরের ম্যাচগুলোতে মেসি-সুয়ারেসদের কোচের দায়িত্বে থাকবেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর গুয়েরমো হোয়োস।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের বিষয়ে ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন মাসচেরানো।
বিবৃতিতে তিনি বলেন, “সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।”
“প্রথমত, আমি ধন্যবাদ জানাতে চাই ক্লাবকে আমার ওপর রাখা আস্থার জন্য, প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে তাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য এবং বিশেষ করে খেলোয়াড়দের, যাদের কারণেই আমরা এই অবিস্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছি।”
আর্জেন্টিনা ও বার্সেলোনায় লিওনেল মেসির সাবেক সতীর্থ মাসচেরানো ২০২৪ সালের নভেম্বরে মায়ামির কোচের দায়িত্ব নেন। গত বছর তার কোচিংয়ে এবং মেসির নেতৃত্বে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদ পায় ক্লাবটি।
২০১৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচিং করান মাসচেরানো।















মন্তব্য করুন: