আতলেতিকো থেকে বিদায় নেওয়ার আগে রূপকথার স্বপ্ন গ্রিজমানের
১৫ এপ্রিল ২০২৬
বার্সেলোনার দুর্দান্ত লড়াই সত্ত্বেও শেষ পর্যন্ত টিকে থেকে ৯ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে মাদ্রিদের ক্লাবটির হয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন দলটির ফরাসি তারকা আঁতোয়া গ্রিজমান।
মঙ্গলবার ঘরের মাঠে বার্সেলোনার কাছে ২-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ চারে ওঠে আতলেতিকো। এর আগে ২০১৬ সালে কাতালান ক্লাবটিকে হারিয়েই সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছিল দিয়েগো সিমিওনের দল।
চলতি মৌসুম শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দেওয়ার বিষয়টি চলতি মাসের শুরুতে জানান গ্রিজমান।
২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে আতলেতিকোতে যোগ দেন এই ফরাসি ফরোয়ার্ড। ২০১৯ সালে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন। তিন বছর তিনি আবার ফেরেন আতলেতিকোয়।
দুই দফায় মাদ্রিদের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২১১ গোল ও ৯৭টি অ্যাসিস্ট করেছেন গ্রিজমান। এরই মধ্যে হয়ে গেছেন আতলেতিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও। তবে ক্লাবের হয়ে ৩৫ বছর বয়সী এই তারকার ঝুড়িতে বড় ট্রফি বলতে কেবল ২০১৮ সালের ইউরোপা লিগ। তাই বিদায়ের আগে বিশেষ কিছু জিতেই শেষটা রাঙাতে চান তিনি।
২০১৪ ও ২০১৬ সালে সবশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিল আতলেতিকো। শেষ চারে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে আর্সেনাল অথবা স্পোর্তিং লিসবনকে।
সেমি-ফাইনালে ওঠার পর সাংবাদিকদের গ্রিজমান বলেন, “আমি খুবই আনন্দিত। আমরা কার মুখোমুখি হচ্ছি তা বড় কথা নয়, যতক্ষণ আমরা টিকে আছি এবং শেষ পর্যন্ত আমাদের সেরা ছন্দে থাকছি। বার্সেলোনার মতো দারুণ ফুটবল খেলা একটি শীর্ষস্থানীয় দলের বিপক্ষে এটি ছিল একটি চমৎকার কিন্তু কঠিন লড়াই। এটি ছিল একটি সংগ্রামের মতো, কিন্তু আমরা এখনও টিকে আছি।”
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের আগেই ৪ বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ পাবে সিমিওনের দল। আগামী শনিবার কোপা দেল রের ফাইনালে সোসিয়েদাদের মুখোমুখি হবে তারা।
এই ম্যাচ নিয়ে গ্রিজমান বলেন, “এটি একটি দারুণ ম্যাচ হতে যাচ্ছে, একটি কঠিন ম্যাচ, তাই আমাদের কিছুটা বিশ্রামের প্রয়োজন হবে। এখন শনিবারের ম্যাচটি নিয়ে ভাবার সময়। কী এক চমৎকার অনুভূতি।”
“আমি আশা করি এই মৌসুমে সতীর্থদের সুন্দর কিছু, ঐতিহাসিক কিছু করতে সাহায্য করতে পারব। আমাদের সমর্থকদের এটা প্রাপ্য।”















মন্তব্য করুন: