বিশ্বকাপে খেলবেই ইরান: ফিফা সভাপতি
১৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ সত্ত্বেও আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ইরান নিশ্চিতভাবেই অংশগ্রহণ করবে বলে দাবি করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর থেকে আসন্ন বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বছর মার্চে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছিল ইরান।
যুক্তরাষ্ট্র ছাড়াও এবারের বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে আছে কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী, গ্রুপপর্বে ইরানের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলতে হবে। কিন্তু সহিংসতা শুরুর পর গত মার্চের শুরুতে ইরানের সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে না তাদের দল। তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়।
তবে গত সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম জানান, ইরানের এই অনুরোধ নাকচ করে দিয়েছে ফিফা এবং নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ চলবে।
মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে ইনফান্তিনো ইরানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইরানি দল অবশ্যই আসছে। আমরা আশা করি যে ততদিনে পরিস্থিতি শান্তিপূর্ণ হয়ে উঠবে, যা নিশ্চিতভাবেই সহায়ক হবে। কিন্তু ইরানকে আসতেই হবে। তারা তাদের দেশের মানুষের প্রতিনিধিত্ব করে। তারা যোগ্যতা অর্জন করেছে। খেলোয়াড়রা খেলতে চায়।”
মার্চের শেষ দিকে তুরস্কের আন্তালিয়ায় ইরান দলের অনুশীলন ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে ফিফা প্রেসিডেন্ট বলেন, “দুই সপ্তাহ আগে আমি তাদের দেখতে গিয়েছিলাম... তারা সত্যিই খেলতে চায় এবং তাদের খেলা উচিত। খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত।”
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ইরান দলকে ১০ জুনের মধ্যে অ্যারিজোনার অনুশীলন ক্যাম্পে পৌঁছাতে হবে। বাংলাদেশ সময় আগামী ১৬ জুন সকালে লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রথম ম্যাচে তারা নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে। বেলজিয়ামের বিপক্ষে তাদের পরের ম্যাচটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিশরের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি হবে সিয়াটলে।
ইরান গ্রুপপর্ব পার হতে পারলে তাদের নকআউট পর্বের ম্যাচগুলোও যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে।















মন্তব্য করুন: