‘কামাভিঙ্গার লাল কার্ডেই রিয়াল ম্যাচ হেরেছে’
১৬ এপ্রিল ২০২৬
কোয়ার্টার-ফাইনালের দুই লেগ মিলিয়ে সমতায় থাকা ম্যাচ এগুচ্ছিল অতিরিক্ত সময়ের পথে। এমন সময়ে এদুয়ার্দো কামাভিঙ্গা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। এরপরই ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। দ্বিতীয় ম্যাচেও হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছে সফলতম দলটিকে। ম্যাচ শেষে সেই লাল কার্ডকেই টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন দলটির কোচ আলভারো আরবেলোয়া।
বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের কাছে ৪-৩ গোলে হারে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় শেষ চারে ওঠে ভিনসেন্ট কোম্পানির দল।
প্রথমার্ধে আর্দা গুলারের দুটি ও কিলিয়ান এমবাপ্পের এক গোলে ম্যাচের ৮৫তম মিনিট পর্যন্তও ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে সমতা ছিল ৪-৪ গোলের।
তবে নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। ৬৮তম মিনিটে ব্রাহিম দিয়াসের বদলি নামার ১০ মিনিটের মাথায় প্রথম হলুদ কার্ড দেখেন কামাভিঙ্গা। আর ৮ মিনিট পর হ্যারি কেইনকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এই ফরাসি মিডফিল্ডার।
এরপর ৮৯তম মিনিটে লুইস দিয়াসের গোলে দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় বায়ার্ন। চার মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে মাইকেল ওলিসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কামাভিঙ্গার লাল কার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরবেলোয়া। সেটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে কি না – এমন প্রশ্নের জবাবে রিয়াল কোচ বলেন, "আমি তাই মনে করি, এটি স্পষ্ট।”
“এমন একটি বিষয়ের জন্য আপনি একজন খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দিতে পারেন না। আমার মনে হয় রেফারি এটি জানতেনই না যে (কামাভিঙ্গা) আগেই একটি হলুদ কার্ড দেখেছে।”
দলের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম নিজের প্রতিক্রিয়ায় বলেন, “এটি হাস্যকর। দুটি ফাউল (কামাভিঙ্গার), দুটি হলুদ কার্ড।”
এই নিয়ে টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করলেও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আরবেলোয়া।
“খেলোয়াড়দের পক্ষ থেকে এটি একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল। আমি তাদের জন্য দুঃখিত, এখানকার সমর্থকদের জন্য এবং যারা বাড়িতে বসে দেখছেন তাদের জন্য। রিয়াল মাদ্রিদ এই বছর ১৬তম শিরোপা জিততে পারবে না, এটি আমাকে কষ্ট দিচ্ছে। তারা তাদের সবটুকু উজাড় করে দিয়েছিল।”















মন্তব্য করুন: