স্প্যানিশ ক্লাবের মালিক হলেন মেসি
১৭ এপ্রিল ২০২৬
স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের দল ইউই কর্নেইয়ার মালিকানা কিনেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার ইউরোপে কেনা এটি প্রথম কোনো ক্লাবের মালিকানা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে কাতালুনিয়া-ভিত্তিক ক্লাবটি জানায়, এই অঞ্চলের স্থানীয় প্রতিভা বিকাশের কৌশলগত প্রচেষ্টার অংশ হিসেবে ক্লাবটির মালিকানা কিনেছেন মেসি।
কর্নেইয়ার বেশ পরিচিতি আছে তাদের একাডেমিতে খেলোয়াড় তৈরিতে। এই ক্লাব থেকেই উঠে এসেছেন মেসির দীর্ঘদিনের সতীর্থ জর্দি আলবাদা। এছাড়াও আছেন বর্তমান বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ মার্তিন এবং আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।
পিএসজি ও পরে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে দুই দশক বার্সেলোনায় ছিলেন মেসি। কাতালান ক্লাবটির হয়ে মোট ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। দুটিই ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। ক্লাবের জার্সিতে ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগসহ অনেক শিরোপা জেতেন তিনি।
বার্সেলোনায় নিজের শেষ মৌসুমে কোপা দেল রেতে কর্নেইয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল মেসির। কিন্তু আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা ক্যারিয়ারের প্রথম লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। সে কারণে সেই ম্যাচে খেলতে পারেননি আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
এর আগে দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেসের সঙ্গে অংশীদারিত্বে উরুগুয়ের চতুর্থ বিভাগে দেপোর্তিভো এলএসএম নামে একটি ক্লাব চালু করেছিলেন তিনি।
৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের নামে মেসি কাপও চালু করেছেন। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের টুর্নামেন্ট এটি। গত ডিসেম্বরে মায়ামিতে বিশ্বজুড়ে আটটি একাডেমি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয় আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট।















মন্তব্য করুন: