আর্জেন্টিনার ম্যাচ না খেলায় মেসির বিরুদ্ধে মামলা
১৭ এপ্রিল ২০২৬
গত বছর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে না খেলায় লিওনেল মেসির বিরুদ্ধে মামলা করেছে মায়ামি-ভিত্তিক একটি ইভেন্ট প্রমোটার সংস্থা। আদালতের তথ্য অনুযায়ী, গত ৩১ মার্চ এই মামলাটি দায়ের করা হয়েছে।
ভিআইডি মিউজিক গ্রুপ নামক ওই সংস্থাটি মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে প্রতারণা এবং চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে।
অভিযোগ অনুযায়ী, গত বছর গ্রীষ্মে এএফএ-র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল ভিআইডি। সেই চুক্তির আওতায় গত অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো আয়োজন ও প্রচারের একক অধিকার পেয়েছিল সংস্থাটি। এর বিনিময়ে টিকিট বিক্রি, সম্প্রচার এবং স্পনসরশিপ থেকে আয় করার কথা ছিল তাদের।
চুক্তি অনুযায়ী, কোনো চোট না পেলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট করে খেলতে হতো। ভিআইডি বলছে, মেসির অংশগ্রহণ ছিল ‘ম্যাচের বাণিজ্যিক মূল্যের কেন্দ্রীয় উপাদান’ এবং ‘ম্যাচগুলোর প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি।’
কিন্তু ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচটিতে খেলেননি মেসি। হার্ড রক স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন তিনি।
জাতীয় দলের হয়ে না খেললেও পরদিন ইন্টার মায়ামির হয়ে শুরুর একাদশের হয়ে মাঠে নেমে জোড়া গোল করে দলকে ৪-০ গোলে জেতাতে বড় ভূমিকা রাখেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।
এএফএ-র বিরুদ্ধে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো ম্যাচ এবং ২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্রে হওয়ার কথা ছিল এমন দুটি প্রস্তাবিত ম্যাচ নিয়ে অবহেলাজনিত ভুল তথ্য প্রদান এবং চুক্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
ভেনেজুয়েলার বিপক্ষে না খেললেও ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলের জয়ের ম্যাচে মেসি মাঠে নামেন মেসি। দুটি অ্যাসিস্টও করেছিলেন । শিকাগো থেকে ইন্টার মায়ামির তখনকার ঘরের মাঠ ফোর্ট লডারডেলে সরিয়ে আনা সেই ম্যাচটিও ভিআইডি প্রমোট করেছিল।















মন্তব্য করুন: