আতলেতিকোকে হারিয়ে কোপা দেল রের শিরোপা সোসিয়েদাদের

১৯ এপ্রিল ২০২৬

আতলেতিকোকে হারিয়ে কোপা দেল রের শিরোপা সোসিয়েদাদের

দুই দফায় পিছিয়ে পড়ে সমতায় ফিরে শিরোপা লড়াইকে অতিরিক্ত সময়ে নিয়ে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। সেখানে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু পেনাল্টি শুটআউটে পেরে উঠল না দিয়েগো সিমিওনের দল। পাঁচ মৌসুম পর কোপা দেল রের শিরোপা জিতেছে রিয়াল সোসিয়েদাদ।

শনিবার সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে আতলেতিকোকে ৪-৩ ব্যবধানে হারায় সোসিয়েদাদ। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ২-২ সমতায়।

২০১৯-২০ মৌসুমে কোপা দেল রেতে নিজেদের তৃতীয় শিরোপা জেতা সোসিয়েদাদের এটি চতুর্থ শিরোপা। অন্যদিকে টুর্নামেন্টের ১০ বারের চ্যাম্পিয়ন আতলেতিকোর অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। ২০১২-১৩ মৌসুমে সবশেষ এই শিরোপা জিতেছিল তারা।

ম্যাচের ১৫ সেকেন্ডেই আন্দের বারেনেক্সিয়ার গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। ১৯তম মিনিটে আঁতোয়া গ্রিজমানের বাড়ানো বলে আতলেতিকো সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমেলো লুকমান।

আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে পেনাল্টি থেকে সোসিয়েদাদকে আবার এগিয়ে দেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। ম্যাচে ফিরতে মরিয়া আতলেতিকো চেষ্টা চালালেও গোলের জন্য তাদেরকে অপেক্ষা করতে হয় ৮৩তম মিনিটে। জাতীয় দল সতীর্থ থিয়াগো আলমাদার সহায়তায় দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস।

পাঁচ মিনিট যোগ করা সময়ের শুরুতেই আতলেতিকো এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন জনি কার্দোসো।

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ৯৮তম মিনিটে ডাবল সেভে আতলেতিকোর জাল অক্ষত রাখেন গোলরক্ষক হুয়ান মুসো। এর দুই মিনিট পর আলভারেসের শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে আলেক্সান্দার সরলথ ও আলভারেসের নেওয়া প্রথম দুটি শট ঠেকিয়ে সোসিয়েদাদের জয়ের নায়ক গোলরক্ষক উনাই মারেরো।

মন্তব্য করুন: